প্রকাশের তারিখঃ Feb 14, 2026 ইং
হবিগঞ্জে ফুটবল খেলা নিয়ে সংঘর্ষ: আহত ২৫
হবিগঞ্জের লাখাইয়ে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছেন।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার বামৈ গ্রামে এই ঘটনা ঘটে। আহতদের মধ্যে মোশাররফ হোসেন নামে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ১০-১২ দিন আগে ফুটবল খেলা নিয়ে বামৈ পূর্ব গ্রামের জোবায়ের ও রাকিবের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। স্থানীয় ইউপি চেয়ারম্যান ও মুরুব্বিরা বিষয়টি মীমাংসার চেষ্টা করেন এবং শনিবার সালিশি বৈঠকের দিন ধার্য ছিল। কিন্তু সালিশ বসার আগেই সকাল ১০টার দিকে দুই পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
এ সময় রণক্ষেত্রে পরিণত হয় এলাকাটি। সংঘর্ষে আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হলেও গুরুতর আহত মোশাররফকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে। লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল হক জানান, পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে এবং বর্তমানে গ্রামটিতে শান্তি বজায় রাখতে নজরদারি বাড়ানো হয়েছে।
Copyright © 2026 All rights reserved.