প্রকাশের তারিখঃ Feb 14, 2026 ইং
বিরোধী দলের দায়িত্ব পালনে প্রস্তুত জামায়াত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল মেনে নিয়ে সংসদে গঠনমূলক বিরোধী দল হিসেবে ভূমিকা রাখার ঘোষণা দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি জানান, ৭৭টি আসন নিয়ে জামায়াত এখন অন্যতম শক্তিশালী রাজনৈতিক শক্তি। প্রতিহিংসার রাজনীতি পরিহার করে মানুষের আস্থা অর্জন এবং সরকারের জবাবদিহি নিশ্চিত করাই হবে তাদের মূল লক্ষ্য।
ফেসবুক বার্তায় জামায়াত আমির উল্লেখ করেন, গণতান্ত্রিক রাজনীতি একটি দীর্ঘ পথ এবং এবারের অর্জন তাদের জন্য বড় এক ধাপ। তিনি নেতা-কর্মীদের শান্ত থাকার ও সুশৃঙ্খলভাবে ভবিষ্যতের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান। ২০০৮ সালের বিএনপির উদাহরণ টেনে তিনি বলেন, ধৈর্য ও আদর্শিক লড়াইয়ের মাধ্যমেই রাজনীতিতে পরিবর্তন আসে।
তিনি নবনির্বাচিত সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, জনগণের ম্যান্ডেটকে যেন কেউ স্বৈরাচারের লাইসেন্স মনে না করে। ‘জুলাই বিপ্লবের’ চেতনাকে ধারণ করে এ দেশে আর কোনো দমন-পীড়ন সহ্য করা হবে না। দলের নেতা-কর্মীদের তিনি নির্দেশ দেন যেকোনো সহিংসতার প্রমাণ সংগ্রহ করে প্রশাসনকে জানাতে এবং ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে।
Copyright © 2026 All rights reserved.