প্রকাশের তারিখঃ Feb 14, 2026 ইং
হাতিয়ায় তাণ্ডব: হুঁশিয়ারি দিলেন হান্নান মাসউদ
নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এবং এনসিপির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ তাঁর এলাকায় দলীয় নেতা-কর্মীদের ওপর হামলার তীব্র নিন্দা জানিয়েছেন।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি হাতিয়াকে ‘আতঙ্কের নগরী’ বানানোর অপচেষ্টাকারীদের কঠোর হুঁশিয়ারি দেন। তিনি জানান, সহিংসতার সব প্রমাণ সংগ্রহ করা হচ্ছে এবং হামলাকারীদের অবশ্যই বিচারের মুখোমুখি হতে হবে।
সবচেয়ে কম বয়সে সংসদ সদস্য নির্বাচিত হয়ে রেকর্ড গড়া হান্নান মাসউদ অভিযোগ করেন, হাতিয়ায় এনসিপি নেতা-কর্মীদের বাড়িঘরে ব্যাপক তাণ্ডব চালানো হয়েছে। ফেসবুকে তিনি উল্লেখ করেন, যে ভয়াবহতার চিত্র সামনে এসেছে তা প্রকৃত ঘটনার মাত্র ৫০ ভাগের এক ভাগ। বাকি সব সহিংসতার ভিডিও ফুটেজ ও দালিলিক প্রমাণ নথিবদ্ধ করা হচ্ছে।
জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলনের এই পরিচিত মুখ দৃঢ়ভাবে বলেন, হাতিয়ায় শান্তির পরিবেশ বজায় রাখতে কোনো আপস করা হবে না। যারা দ্বীপে অস্থিরতা ও প্রতিহিংসার রাজনীতি করছে, তাদের আইনগতভাবেই মোকাবিলা করা হবে। উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক এই সমন্বয়ক ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে এবারের নির্বাচনে জয়লাভ করেছেন।
Copyright © 2026 All rights reserved.