প্রকাশের তারিখঃ Feb 14, 2026 ইং
ঠাকুরগাঁও-৩: জামানত হারালেন ৫ বারের এমপি হাফিজউদ্দীন
ঠাকুরগাঁও-৩ আসনে বড় ধরনের রাজনৈতিক বিপর্যয়ের মুখে পড়েছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও পাঁচবারের সাবেক সংসদ সদস্য হাফিজউদ্দীন আহম্মেদ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রদত্ত ভোটের ন্যূনতম এক-অষ্টমাংশ (১২.৫%) পেতে ব্যর্থ হওয়ায় তাঁর জামানত বাজেয়াপ্ত হয়েছে। এ আসনে বড় ব্যবধানে জয়ী হয়েছেন বিএনপি প্রার্থী জাহিদুর রহমান।
পীরগঞ্জ ও রানীশংকৈল উপজেলা নিয়ে গঠিত এই আসনে এবার মোট ভোট পড়েছে ২ লাখ ৬২ হাজার ৬৬৮টি। নির্বাচনী আইন অনুযায়ী, জামানত রক্ষার জন্য ৩২ হাজার ৮৩৩ ভোটের প্রয়োজন থাকলেও হাফিজউদ্দীন আহম্মেদ পেয়েছেন মাত্র ২৭ হাজার ১৩৩ ভোট। ১৯৮৮ থেকে ২০২৪ সাল পর্যন্ত বিভিন্ন সময়ে পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হওয়া এই নেতার এমন পরাজয় স্থানীয় রাজনীতিতে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
নির্বাচনের ফলাফল অনুযায়ী, বিএনপি প্রার্থী জাহিদুর রহমান ১ লাখ ৩২ হাজার ৭৯৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী মিজানুর রহমান মাস্টার পেয়েছেন ৯১ হাজার ৯৩৪ ভোট। হাফিজউদ্দীন ছাড়াও এই আসনে আরও সাতজন প্রার্থী তাঁদের জামানত হারিয়েছেন, যাদের মধ্যে গণঅধিকার পরিষদ, ইসলামী আন্দোলন ও সিপিবির প্রার্থীরাও রয়েছেন।
Copyright © 2026 All rights reserved.