প্রকাশের তারিখঃ Feb 15, 2026 ইং
শফিকুর রহমান ও নাহিদ ইসলামের বাসায় যাচ্ছেন তারেক রহমান
নির্বাচনী বিজয়ের পর সৌজন্য সাক্ষাতের অংশ হিসেবে আজ রবিবার (১৫ ফেব্রুযারি) সন্ধ্যায় জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের বাসভবনে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বিএনপির মিডিয়া উইং জানিয়েছে, দেশে ইতিবাচক রাজনীতির ধারা সূচনার লক্ষ্যেই এই কর্মসূচি। দুই দশকের ব্যবধানে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে যাওয়া বিএনপির শীর্ষ নেতার এই সফরকে রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ মনে করা হচ্ছে।
বিএনপির মিডিয়া উইং সদস্য শামসুদ্দিন দিদার নিশ্চিত করেছেন যে, আজ রবিবার সন্ধ্যা থেকে তারেক রহমানের এই গুরুত্বপূর্ণ রাজনৈতিক সফর শুরু হবে। প্রথমে তিনি জামায়াত আমির ডা. শফিকুর রহমানের সাথে দেখা করবেন এবং পরবর্তীতে বাড্ডায় এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামের বাসভবনে যাবেন। নির্বাচনের পর মিত্র দল ও জোটের শীর্ষ নেতাদের সাথে এটিই তাঁর প্রথম সশরীরে সৌজন্য সাক্ষাৎ।
গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নিরঙ্কুশ জয়লাভ করেছে। ঘোষিত ২৯৭টি আসনের ফলাফলে দেখা যায়, ২০৯টি আসনে জয় পেয়েছে দলটি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সরকার গঠনের আগেই প্রধান মিত্রদের সাথে তারেক রহমানের এই সাক্ষাৎ ভবিষ্যৎ মন্ত্রিসভা গঠন এবং দেশের স্থিতিশীলতা বজায় রাখার ক্ষেত্রে ঐক্যবদ্ধ অবস্থানের ইঙ্গিত দিচ্ছে।
Copyright © 2026 All rights reserved.