প্রকাশের তারিখঃ Feb 15, 2026 ইং
‘কুকুরের মাংসকে’ খাসির মাংস বলে বিক্রি
নওগাঁর ধামইরহাটে এক কসাইয়ের বিরুদ্ধে গুরুত্বর প্রতারণার অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি সেই ব্যক্তি খাসির মাংস বলে কুকুরের মাংস বিক্রি করছিল।
রোববার (১৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার মঙ্গলবাড়ী বাজারে এ ঘটনা ঘটে। স্থানীয় লোকদের তোপের মুখে পড়ে দোকান ছেড়ে পালিয়ে যান অভিযুক্তরা।
স্থানীয় প্রত্যক্ষদর্শী ও থানা-পুলিশ সূত্রে জানা যায়, স্থানীয় কসাই এনতাজুল ও তার সহযোগী দুলু মৌলভী ধামইরহাটের নেংড়াপীর–ইসবপুর সড়কের তেতুলতলী মোড়ে খাসির মাংস বিক্রি করতেন । তারা নিজেদের বাড়ি থেকে মাংস এনে বাজারে বিক্রি করতেন।
রোববার সকালে এনতাজুল তার বাড়িতে কুকুর জবাই করলে সেই খবর জেনে যায় স্থানীয় বাসিন্দারা । বাজারে এ বিষয়টি সবাই জেনে গেলে দ্রুত মাংস ফেলে দোকান থেকে পালিয়ে যায় অভিযুক্তরা।
জাহানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম কিবরিয়া বলেন, ঘটনাস্থল থেকে প্রায় ২৫ কেজি কুকুরের মাংস উদ্ধার করা হয়েছে এবং সেগুলো অপসারণের ব্যবস্থা নেওয়া হচ্ছে। অভিযুক্ত এনতাজুল ও দুলু মৌলভী পলাতক রয়েছেন।
ধামইরহাট থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান বলেন, সংবাদ পাওয়ার পরই তাৎক্ষণিক ঘটিনাস্থলে একটি টিম পাঠানো হয়েছিল। এরপর সেখান থেকে জবাইকৃত কুকুরের মাথা, চামড়া এবং মাংস জব্দ করা হয়। অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান।
Copyright © 2026 All rights reserved.