প্রকাশের তারিখঃ Feb 15, 2026 ইং
৩২ আসনে ভোট পুনর্গণনার দাবি জামায়াত জোটের
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্যাপক অনিয়ম ও কারচুপির অভিযোগ তুলে অন্তত ৩২টি আসনে ভোট পুনর্গণনার দাবি জানিয়েছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোট।
রবিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে এক বৈঠক শেষে জোটের নেতারা এই দাবির কথা জানান।
বেলা ১১টা ৫০ মিনিটে শুরু হওয়া এই বৈঠকে ১১ দলীয় জোটের লিয়াজোঁ কমিটির নেতৃবৃন্দ নির্বাচনের ফলাফল ও পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কমিশনের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন। জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ডা. এ এইচ এম হামিদুর রহমান আজাদ জানান, কয়েকটি আসনে ফলাফলে অসঙ্গতি ও অনিয়মের তথ্যপ্রমাণ তাদের কাছে রয়েছে। তাই স্বচ্ছতা নিশ্চিতে ৩২টি আসনের ভোট পুনরায় গণনার দাবি জানানো হয়েছে।
বৈঠকে সিইসি ছাড়াও নির্বাচন কমিশনার আব্দুর রহমান মাছউদ ও অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ১১ দলীয় জোটের প্রতিনিধি দলে জামায়াত নেতা ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন, লেবার পার্টির মোস্তাফিজুর রহমান ইরান এবং এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ অংশ নেন। জোটের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্বাচন-পরবর্তী সহিংসতা এবং রাজনৈতিক বাস্তবতা নিয়ে তারা উদ্বিগ্ন এবং এ বিষয়ে কমিশনের কঠোর পদক্ষেপ কামনা করছেন।
Copyright © 2026 All rights reserved.