প্রকাশের তারিখঃ Feb 15, 2026 ইং
নির্বাচনোত্তর সহিংসতায় শিশুসহ নিহত ৩: এইচআরএসএস
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফল ঘোষণার পর দেশজুড়ে ছড়িয়ে পড়া সহিংসতায় শিশুসহ অন্তত ৩ জন নিহত এবং ৩ শতাধিক মানুষ আহত হয়েছেন বলে জানিয়েছে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস)। সংস্থাটির প্রতিবেদনে বলা হয়েছে, অন্তত ৩০টি জেলায় ৩৫০টি ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
রবিবার (১৫ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এসব উদ্বেগজনক তথ্য তুলে ধরে দ্রুত রাজনৈতিক সংঘাত বন্ধের আহ্বান জানানো হয়।
এইচআরএসএস-এর প্রতিবেদনে উঠে এসেছে যে, মুন্সিগঞ্জ ও বাগেরহাটে রাজনৈতিক প্রতিপক্ষের হামলায় দুই যুবক এবং ময়মনসিংহের হালুয়াঘাটে নির্বাচনি গোলযোগের জেরে ১২ বছরের এক শিশু প্রাণ হারিয়েছে। এছাড়া পটুয়াখালী, ফরিদপুর, পাবনা ও নোয়াখালীসহ দেশের বিভিন্ন স্থানে রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসব সংঘাতের জেরে বর্তমানে ৩ শতাধিক মানুষ বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সংস্থাটি আরও জানায়, নির্বাচন পরবর্তী সময়ে নারী নির্যাতনের কিছু বর্বরোচিত ঘটনাও ঘটেছে। নোয়াখালীর হাতিয়ায় নির্দিষ্ট প্রতীকে ভোট দেওয়াকে কেন্দ্র করে এক নারীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এছাড়া লালমনিরহাটে নারী কর্মীদের হিজাব খুলতে বাধ্য করা এবং টাঙ্গাইলে এক অন্তঃসত্ত্বা নারীকে শারীরিক নির্যাতনের মতো ন্যাক্কারজনক ঘটনাগুলো মানবাধিকার পরিস্থিতির চরম অবনতিকে নির্দেশ করে।
নির্বাচনের দিন এবং এর পরবর্তী পরিস্থিতি বিশ্লেষণ করে সংগঠনটি জানায়, সারাদেশে ৩৯৩টি অনিয়মের ঘটনা নথিবদ্ধ করা হয়েছে। এর মধ্যে জাল ভোট প্রদান এবং পোলিং এজেন্টদের বের করে দেওয়ার ঘটনাই ছিল প্রধান। তফসিল ঘোষণার পর থেকে এ পর্যন্ত মোট ৫ জন নিহত ও ১ হাজার ৬৫০ জন আহত হয়েছেন উল্লেখ করে সংস্থাটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবিলম্বে এসব অপরাধের সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে।
Copyright © 2026 All rights reserved.