প্রকাশের তারিখঃ Feb 15, 2026 ইং
টাঙ্গাইলে প্রাইভেট কার-ভ্যান সংঘর্ষে ২ জনের মৃত্যু
ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের কালিহাতী উপজেলার জোকারচর এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ভ্যানচালকসহ ২ জনের মৃত্যু হয়েছে।
রবিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে একটি দ্রুতগামী প্রাইভেট কারের সাথে ব্যাটারিচালিত ভ্যানের সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে। দুর্ঘটনায় আরও ২ জন গুরুতর আহত হয়েছেন, যাদের বর্তমানে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, যমুনা সেতু এলাকা থেকে ঢাকাগামী একটি প্রাইভেট কার মহাসড়কের জোকারচর পয়েন্টে পৌঁছালে রাস্তা পারাপারের সময় একটি ভ্যানের সাথে ধাক্কা লাগে। এতে ভ্যানে থাকা চারজনই গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে মো. শরিফ (৪১) নামে এক যাত্রীকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানোর পথে ভ্যানচালক আমির আলিরও (৪০) মৃত্যু হয়। নিহত দুজনই কালিহাতীর গোহালিয়াবাড়ি গ্রামের বাসিন্দা।
যমুনা সেতু পূর্ব থানার এসআই শরিফুল ইসলাম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, পুলিশ ঘটনাস্থল থেকে দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি সরিয়ে নিয়েছে। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে এবং এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
Copyright © 2026 All rights reserved.