প্রকাশের তারিখঃ Feb 15, 2026 ইং
নাইজেরিয়ায় বন্দুকধারীদের নৃশংস হামলা, নিহত ৩২
নাইজেরিয়ার উত্তরাঞ্চলের বোরগু এলাকার তিনটি গ্রামে ভয়াবহ তাণ্ডব চালিয়েছে মোটরসাইকেল আরোহী বন্দুকধারীরা। এতে অন্তত ৩২ জন প্রাণ হারিয়েছেন।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) এই হামলা চালানো হয়।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় পুলিশ সূত্রে না গেছে, হামলাকারীরা গ্রামগুলোতে ঢুকে নির্বিচারে গুলি বর্ষণ করে এবং বেশ কিছু বাড়িঘরে অগ্নিসংযোগ করে। প্রথমে হামলা করা হয় তুঙ্গা-মাকেরি গ্রামে। সেখানে ছয়জন তাদের গুলিতে নিহত হন এবং বেশ কিছু মানুষকে তারা অপহরণ করে নিয়ে যায়।
এরপর বন্দুকধারীরা কোনকোসো গ্রামে যায়। CNখানে অন্তত ২৬ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে। মানবিক সহায়তা প্রদানকারী কিছু সূত্র বলছে, নিহতের সংখ্যা হয়তো ৩৮ পর্যন্ত পৌঁছাতে পারে।
কোনকোসো গ্রামের বাসিন্দারা বলেন, হামলাকারীরা ভোরের দিকে গ্রামে ঢুকেই পুলিশ স্টেশনে আগুন ধরিয়ে দেয় । এরপর নির্বিচারে সাধারণ মানুষের ওপর গুলি চালায় এবং কয়েকজনকে গলা কেটে হত্যা করা হয়। খবর পাওয়া গেছে, পিটসা নামক আরেকটি গ্রামেও হামলা চালানো হয় এবং একটি পুলিশ স্টেশন জ্বালিয়ে দেয় হামলাকারীরা।
নাইজেরিয়ার এই অঞ্চলে আইএসআইএস সংশ্লিষ্ট সশস্ত্র গোষ্ঠী এবং মুক্তিপণ আদায়কারী ডাকাত দলগুলোর সক্রিয়তা গত কয়েক বছরে তীব্র আকার ধারণ করেছে। বোরগু এলাকার ধর্মীয় ও সামাজিক নেতারা ওই অঞ্চলে স্থায়ী সামরিক ঘাঁটি স্থাপনের জন্য প্রেসিডেন্ট বোলা তিনুবুর কাছে দাবি জানিয়েছেন।
নাইজেরিয়ার এই নিরাপত্তা সংকট আন্তর্জাতিক মহলেও উদ্বেগের সৃষ্টি করেছে। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নাইজেরিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে কড়া সমালোচনা করার পর দেশটির ওপর চাপ আরও বেড়েছে।
যদিও নাইজেরীয় কর্তৃপক্ষ কোনো নির্দিষ্ট ধর্মাবলম্বীদের ওপর পরিকল্পিত হামলার বিষয়টি অস্বীকার করেছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, এই সহিংসতায় খ্রিস্টান ও মুসলিম—উভয় সম্প্রদায়ের মানুষই সমানভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।
গত ডিসেম্বরে মার্কিন সামরিক বাহিনী সোকোতো রাজ্যে বিমান হামলা চালিয়ে সশস্ত্র গোষ্ঠীদের দমনের চেষ্টা করলেও উত্তরাঞ্চলে এই ধরনের রক্তক্ষয়ী হামলা অব্যাহত রয়েছে।
Copyright © 2026 All rights reserved.