প্রকাশের তারিখঃ Feb 15, 2026 ইং
কী এই ‘ছায়া মন্ত্রিসভা’: ১১ দলীয় জোটের নতুন চমক
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর দেশে ‘ছায়া মন্ত্রিসভা’ গঠনের ঘোষণা দিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে ১১ দলীয় জোট। মূলত সরকারের প্রতিটি মন্ত্রণালয়ের বিপরীতে একজন করে ‘ছায়া মন্ত্রী’ নিয়োগ দিয়ে প্রশাসনিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করাই এর প্রধান লক্ষ্য। বাংলাদেশে এর কোনো সাংবিধানিক বাধ্যবাধকতা না থাকলেও যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া ও কানাডার মতো উন্নত গণতান্ত্রিক দেশগুলোতে এটি প্রাতিষ্ঠানিকভাবে স্বীকৃত একটি শক্তিশালী কাঠামো।
ছায়া মন্ত্রিসভা মূলত সংসদীয় গণতন্ত্রের একটি বিশেষ পদ্ধতি, যেখানে বিরোধী দলগুলো সরকারের কার্যক্রমের ওপর নজরদারি বা ‘ওয়াচডগ’ হিসেবে কাজ করে। ১১ দলীয় জোটের নেতারা জানিয়েছেন, এটি কোনো সমান্তরাল সরকার নয়; বরং সরকারের ভুলত্রুটি ধরিয়ে দেওয়া এবং বিকল্প জনবান্ধব নীতি বা বাজেট প্রস্তাব করাই এর মূল কাজ। এই প্রক্রিয়ার মাধ্যমে বিরোধী দলের নেতারা প্রশাসনিকভাবে দক্ষ হয়ে ওঠার সুযোগ পান, যা ভবিষ্যতে রাষ্ট্র পরিচালনায় সহায়ক হয়।
তবে বাংলাদেশের প্রেক্ষাপটে ছায়া মন্ত্রিসভার কোনো প্রশাসনিক ক্ষমতা নেই। এটি মূলত নৈতিক ও রাজনৈতিক ক্ষমতার উৎস হিসেবে কাজ করে। যুক্তরাজ্যে ছায়া মন্ত্রিসভার নেতাকে সরকারি কোষাগার থেকে বেতন ও পূর্ণ মন্ত্রীর মর্যাদা দেওয়া হলেও বাংলাদেশে এমন কোনো সুবিধা পাওয়ার সুযোগ নেই। ফলে ১১ দলীয় জোটের প্রস্তাবিত এই ছায়া মন্ত্রীরা সম্পূর্ণ স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে কেবল সরকারের কাজের গুণগত মান যাচাই এবং অসংগতিগুলো জনগণের সামনে তুলে ধরার দায়িত্ব পালন করবেন।
Copyright © 2026 All rights reserved.