প্রকাশের তারিখঃ Feb 16, 2026 ইং
আফগানিস্তানে নারীদের ওপর সহিংসতা বৈধ করল তালেবান
আফগানিস্তানে তালেবান সরকার নতুন ৯০ পৃষ্ঠার একটি দণ্ডবিধি জারি করেছে, যা পারিবারিক সহিংসতা ও সামাজিক বৈষম্যকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে। সর্বোচ্চ নেতা হিবাতুল্লাহ আখুন্দজাদা স্বাক্ষরিত এই আইনে স্বামীর হাতে স্ত্রী প্রহৃত হওয়াকে কার্যত বৈধতা দেওয়া হয়েছে। মানবাধিকার সংগঠনগুলোর মতে, এই আইন বিচার ব্যবস্থাকে ধর্মীয় নেতাদের হাতে জিম্মি করে ফেলেছে এবং নারীদের জন্য ন্যায়বিচারের পথ পুরোপুরি বন্ধ করে দিয়েছে।
‘দে মাহাকুমু জাজাঈ ওসুলনামা’ নামক এই নতুন দণ্ডবিধিতে অপরাধীর সামাজিক অবস্থান অনুযায়ী শাস্তির বিধান রাখা হয়েছে। আইনে বলা হয়েছে, ধর্মীয় আলেমরা অপরাধ করলে তাদের কেবল ‘পরামর্শ’ দেওয়া হবে, অথচ সাধারণ ও নিম্নবর্গের মানুষের জন্য রাখা হয়েছে কঠোর শারীরিক শাস্তি। সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, স্বামী তার স্ত্রীকে প্রহার করতে পারবেন এবং গুরুতর নির্যাতনের ক্ষেত্রেও স্বামীর সর্বোচ্চ শাস্তি হবে মাত্র ১৫ দিনের কারাদণ্ড।
মানবাধিকার সংগঠনগুলোর দাবি, এই আইন কার্যকর হওয়ার ফলে নির্যাতিতা নারীদের জন্য অভিযোগ করা অসম্ভব হয়ে পড়বে। কারণ, আদালতে অভিযোগ করতে হলে নারীকে পূর্ণ পর্দা মেনে এবং একজন পুরুষ অভিভাবকের সঙ্গে উপস্থিত হতে হবে, যিনি অনেক ক্ষেত্রে নিজেই অভিযুক্ত। এছাড়া স্বামীর অনুমতি ছাড়া বাবার বাড়ি বা আত্মীয়দের কাছে আশ্রয় নিলে নারী ও আশ্রয়দাতা পরিবারের সদস্যদের তিন মাস পর্যন্ত কারাদণ্ডের বিধান রাখা হয়েছে। বিশ্লেষকরা বলছেন, এই আইন আফগানিস্তানের নারী ও সংখ্যালঘুদের অধিকারকে মধ্যযুগীয় অন্ধকারের দিকে ঠেলে দিয়েছে।
Copyright © 2026 All rights reserved.