প্রকাশের তারিখঃ Feb 16, 2026 ইং
নির্বাচন বর্জন করলেও মাঠে সক্রিয় ছিলেন আ’লীগ কর্মীরা: টিআইবি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এক চাঞ্চল্যকর পর্যবেক্ষণ তুলে ধরেছে। সংস্থাটি জানায়, আওয়ামী লীগ আনুষ্ঠানিকভাবে নির্বাচন বর্জন ও প্রতিহতের ঘোষণা দিলেও দলটির নেতাকর্মী ও সমর্থকদের একটি বড় অংশ মাঠপর্যায়ে অনানুষ্ঠানিকভাবে সক্রিয় ছিল।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) ধানমন্ডিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ‘নির্বাচন প্রক্রিয়া ও হলফনামাভিত্তিক পর্যবেক্ষণ’ শীর্ষক প্রতিবেদনে এই দ্বিমুখী ভূমিকার কথা জানানো হয়।
টিআইবির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত ও ছাত্র সংগঠন নিষিদ্ধ থাকা সত্ত্বেও দলটি জুলাই অভ্যুত্থান ও অন্তর্বর্তী সরকারকে অবৈধ দাবি করে নিজেদের অবস্থানে অনড় ছিল। তবে প্রাতিষ্ঠানিকভাবে ভোট বর্জনের ডাক দিলেও মাঠপর্যায়ে বাস্তব চিত্র ছিল ভিন্ন। টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান জানান, আওয়ামী লীগের ভোট নিজেদের পক্ষে টানতে বিএনপি, জামায়াত এবং জাতীয় পার্টির প্রার্থীদের মধ্যে তীব্র প্রতিযোগিতা দেখা গেছে।
সংস্থাটির দাবি, অনেক ক্ষেত্রে আওয়ামী লীগের নেতাকর্মীরা সরাসরি অন্য দলে যোগ দিয়ে বা পর্দার আড়ালে থেকে বিজয় নিশ্চিত করতে বিভিন্ন প্রার্থীর প্রচারণায় অংশ নিয়েছেন। একদিকে কেন্দ্র থেকে নির্বাচনকে ‘অবৈধ’ ঘোষণার তৎপরতা চলেছে, অন্যদিকে তৃণমূলের কর্মীরা ভোটার হিসেবে বা অন্য দলের ছায়াতলে থেকে রাজনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত ছিলেন। মূলত নিজেদের অস্তিত্ব রক্ষা এবং রাজনৈতিক প্রভাব বজায় রাখতেই আওয়ামী লীগের নেতাকর্মীরা এই কৌশল অবলম্বন করেছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
Copyright © 2026 All rights reserved.