প্রকাশের তারিখঃ Feb 16, 2026 ইং
জুলাই সনদ’ স্বাক্ষর করতে সন্ধ্যায় যমুনায় যাচ্ছে এনসিপি
জুলাই গণঅভ্যুত্থানের জন-আকাঙ্ক্ষাকে রাষ্ট্রীয় কাঠামোয় রূপ দিতে ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’-এ আনুষ্ঠানিকভাবে স্বাক্ষর করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
আজ সোমবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় দলটির একটি প্রতিনিধি দল এই গুরুত্বপূর্ণ দলিলে স্বাক্ষর করতে যাবে। এর মাধ্যমে জুলাই বিপ্লবের শহীদদের মর্যাদা রক্ষা এবং রাষ্ট্র সংস্কারের সাত দফা অঙ্গীকার বাস্তবায়নে নিজেদের প্রতিশ্রুতিবদ্ধ করবে দলটি।
এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে প্রতিনিধি দলে থাকছেন সারোয়ার তুষার, মনিরা শারমিন, জাবেদ রাসিন ও অ্যাডভোকেট জহিরুল ইসলাম মূসা। এই সনদে স্বাক্ষরের মাধ্যমে এনসিপি মূলত রাষ্ট্র সংস্কারের সাতটি সুনির্দিষ্ট অঙ্গীকার করছে। যার মধ্যে রয়েছে—জনগণের মালিকানা প্রতিষ্ঠা, জুলাই সনদকে সংবিধানের অবিচ্ছেদ্য অংশ করা এবং একে আইনি ও সাংবিধানিক সুরক্ষা প্রদান করা।
সাত দফা দাবির মূল লক্ষ্য হলো বিগত ১৬ বছরের রাজনৈতিক গুম, খুন ও নির্যাতনের বিচার নিশ্চিত করা এবং জুলাই বিপ্লবের শহীদদের পরিবার ও আহতদের যথাযথ পুনর্বাসন করা। এছাড়া পুলিশ, বিচার বিভাগ, নির্বাচন ব্যবস্থা ও দুর্নীতি দমন কমিশন সংস্কারের যে রূপরেখা সনদে রয়েছে, তা দ্রুত বাস্তবায়নে নতুন সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বাধ্য রাখা এই সনদের অন্যতম উদ্দেশ্য। দীর্ঘ ১৬ বছরের ফ্যাসিবাদবিরোধী সংগ্রামের ঐতিহাসিক তাৎপর্যকে রাষ্ট্রীয় স্বীকৃতি দিতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে।
Copyright © 2026 All rights reserved.