প্রকাশের তারিখঃ Feb 16, 2026 ইং
আসিফ-হান্নানদের নিঃশর্ত ক্ষমা চাইতে হবে: নাছির
নোয়াখালীর হাতিয়ায় ধর্ষণের অভিযোগকে ‘ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ দাবি করে এনসিপি নেতা হান্নান মাসউদ ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ ১১ দলীয় জোটের সংশ্লিষ্টদের প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) এক ফেসবুক পোস্টে তিনি এই দাবি জানান। নাছিরের মতে, একটি স্পর্শকাতর ইস্যুকে ব্যবহার করে মব তৈরির অপচেষ্টা চালানো হয়েছে।
ছাত্রদল সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির তাঁর পোস্টে উল্লেখ করেন, হাতিয়ার ঘটনাটি নিয়ে যে অভিযোগ ছড়ানো হয়েছে, তা স্থানীয় প্রশাসন ও চিকিৎসকদের বক্তব্যে মিথ্যা প্রমাণিত হয়েছে। তিনি যুক্তি দেন, অভিযুক্ত ব্যক্তি যখন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন, ঠিক একই সময়ে দুই ঘণ্টা দূরত্বের অন্য স্থানে গিয়ে অপরাধ করা অসম্ভব। রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য এমন সংবেদনশীল বিষয়কে হাতিয়ার করা নৈতিক অবক্ষয় ও সামাজিক স্থিতিশীলতার জন্য বিপজ্জনক।
নাছির আরও বলেন, পরিস্থিতির সত্যতা বুঝতে পেরে জেলা জামায়াত তাদের কর্মসূচি স্থগিত করেছে, যা প্রমাণ করে অভিযোগটি সুপরিকল্পিত অপপ্রচার ছিল। এই মিথ্যা অপপ্রচারের মাধ্যমে একটি রাজনৈতিক দলকে হেয় করার চেষ্টা করা হয়েছে দাবি করে তিনি হান্নান মাসউদ, আসিফ মাহমুদ এবং এনসিপি ও সংশ্লিষ্ট গোষ্ঠীকে জাতির কাছে প্রকাশ্যে নিঃশর্ত ক্ষমা চাওয়ার আল্টিমেটাম দিয়েছেন।
Copyright © 2026 All rights reserved.