প্রকাশের তারিখঃ Feb 16, 2026 ইং
আরাকান আর্মির হাতে বন্দী ৭৩ বাঙালি জেলের মুক্তি
নাফ নদীতে মাছ ধরতে গিয়ে ভুলবশত মিয়ানমার জলসীমায় প্রবেশ করা ৭৩ জন বাঙালি জেলেকে মুক্তি দিয়েছে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি।
দীর্ঘ সময় সংগঠনটির ক্যাম্পে বন্দী থাকার পর বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর ধারাবাহিক মধ্যস্থতায় সোমবার (১৬ ফেব্রুয়ারি) তাদের হস্তান্তর করা হয়। পবিত্র রমজানের আগে এই কারামুক্তি জেলে পরিবারগুলোর মাঝে বড় স্বস্তি নিয়ে এসেছে।
নাফ নদীর জটিল ভৌগোলিক সীমানার কারণে প্রায়ই জেলেরা অনিচ্ছাকৃতভাবে ওপারে চলে যান। এমন পরিস্থিতিতে বিভিন্ন সময়ে আটক হওয়া এই ৭৩ জেলেকে মানবিক বিবেচনায় মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেয় আরাকান আর্মি। কক্সবাজারের স্থানীয় নিরাপত্তা বাহিনী ও প্রশাসনের সমন্বিত উদ্যোগে এবং আরাকান আর্মির ঊর্ধ্বতন নেতৃত্বের সাথে আলোচনার পর প্রথম ধাপের এই হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়।
সোমবার টেকনাফ সীমান্তে স্থানীয় জনপ্রতিনিধি ও আইন প্রয়োগকারী সংস্থার উপস্থিতিতে তাদের পরিচয় নিশ্চিত করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এটি একটি চলমান প্রক্রিয়া এবং মিয়ানমারে আরও যারা বন্দী রয়েছেন, তাদেরও দ্রুত ও নিরাপদ প্রত্যাবর্তনের চেষ্টা অব্যাহত রয়েছে। এই সফল প্রত্যাবাসনকে সীমান্তের মানবিক সংকট নিরসনে একটি ইতিবাচক অগ্রগতি হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা।
Copyright © 2026 All rights reserved.