প্রকাশের তারিখঃ Feb 17, 2026 ইং
গণভোটের ফল বাতিল চেয়ে হাইকোর্টে রিট
গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত গণভোটের বৈধতা চ্যালেঞ্জ এবং এর ঘোষিত ফলাফল বাতিল চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সুপ্রিম কোর্টের আইনজীবী এ বি এম আতাউল মজিদ তৌহিদ জনস্বার্থে এই আবেদনটি করেন। রিটে ভবিষ্যতে কোনো অন্তর্বর্তী বা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে এ ধরণের গণভোট আয়োজনের ওপর নিষেধাজ্ঞা দেওয়ারও আর্জি জানানো হয়েছে।
১২ ফেব্রুয়ারির গণভোটে ‘জুলাই জাতীয় সনদ’ ও সংবিধান সংস্কারের পক্ষে রায় দিয়েছিল ভোটাররা। প্রকাশিত ফল অনুযায়ী, ৬০.২৬ শতাংশ ভোটার উপস্থিতিতে ৪ কোটি ৮০ লাখের বেশি ‘হ্যাঁ’ ভোট এবং ২ কোটি ২৫ লাখের বেশি ‘না’ ভোট পড়ে। তবে এই পুরো প্রক্রিয়ার সাংবিধানিক বৈধতা নিয়ে প্রশ্ন তুলে আজ রিটটি দায়ের করা হয়।
রিটকারী আইনজীবীর দাবি, বর্তমান আইনি কাঠামোয় এ ধরণের গণভোট আয়োজনের সুযোগ আছে কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন। এছাড়া তিনি রিটে উল্লেখ করেন, ভবিষ্যতে যেন কোনো অনির্বাচিত সরকার এ ধরণের বড় নীতিগত বিষয়ে গণভোট আয়োজন করতে না পারে, আদালত থেকে সে বিষয়ে সুনির্দিষ্ট ঘোষণা আসা জরুরি। রিটে প্রধান নির্বাচন কমিশনার, মন্ত্রিপরিষদ সচিব ও আইন সচিবকে বিবাদী করা হয়েছে। আগামী সপ্তাহে বিচারপতি ফাতেমা নজীবের নেতৃত্বাধীন বেঞ্চে এই আবেদনের ওপর শুনানি হতে পারে।
Copyright © 2026 All rights reserved.