প্রকাশের তারিখঃ Feb 17, 2026 ইং
গাড়ি-প্লট নেবেন না বিএনপির এমপিরা: মির্জা ফখরুল
জনগণের অর্থ সাশ্রয়ে ‘ডিউটি ফ্রি’ গাড়ি ও সরকারি প্লট না নেওয়ার নজিরবিহীন ঘোষণা দিয়েছেন বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) শপথ গ্রহণের পর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঘোষণা করেছেন, তাদের দলের কোনো সংসদ সদস্য শুল্কমুক্ত (ডিউটি ফ্রি) গাড়ি কিংবা সরকারি প্লট সুবিধা গ্রহণ করবেন না।
মঙ্গলবার সকালে শপথ গ্রহণের পর সংসদীয় দলের বৈঠকে সর্বসম্মতভাবে তারেক রহমানকে ‘সংসদ নেতা’ নির্বাচিত করা হয়। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই সিদ্ধান্তকে ঐতিহাসিক আখ্যা দিয়ে বলেন, তারেক রহমানের নেতৃত্বেই বাংলাদেশ আগামীর সমৃদ্ধ পথে এগিয়ে যাবে।
দীর্ঘ ১৬ বছরের রাজনৈতিক লড়াই ও ছাত্র-জনতার বিপ্লব পরবর্তী এই নতুন সংসদকে জনগণের রক্তের ফসল হিসেবে বর্ণনা করেছেন মির্জা ফখরুল। তিনি জানান, ফ্যাসিবাদী ব্যবস্থার অবসান ঘটিয়ে তরুণ নেতা তারেক রহমানের নেতৃত্বে সংসদকে কার্যকর করাই এখন তাদের প্রধান লক্ষ্য। সংসদীয় দলের প্রথম বৈঠকে সিদ্ধান্ত হয়েছে যে, কোনো এমপি ব্যক্তিগত বিলাসের জন্য রাষ্ট্রীয় সুবিধা গ্রহণ করবেন না।
এর আগে সকাল ১০টায় প্রধান নির্বাচন কমিশনারের কাছে শপথ নেন বিএনপির সংসদ সদস্যরা। দুপুর ১২টায় সংসদ ভবনে অনুষ্ঠিত বিশেষ বৈঠকে তারেক রহমানকে নেতা নির্বাচনের পর মির্জা ফখরুল বলেন, "আমরা আশাবাদী, দেশ এক নতুন উচ্চতায় পৌঁছাবে।" রাজনীতিতে স্বচ্ছতা ও নৈতিকতা বজায় রাখতেই শুল্কমুক্ত গাড়ি ও প্লট বর্জনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
Copyright © 2026 All rights reserved.