প্রকাশের তারিখঃ Feb 17, 2026 ইং
শপথ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় ভুটানের প্রধানমন্ত্রী
নতুন সরকারের মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকা পৌঁছেছেন ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং তোবগে।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিমানবন্দরে তাকে উষ্ণ অভ্যর্থনা জানান বিদায়ী পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের শপথ গ্রহণ অনুষ্ঠানে বিশ্বনেতাদের আগমনের মিছিলে শামিল হলেন ভুটানের এই শীর্ষ নেতা।
বাংলাদেশ সরকারের বিশেষ আমন্ত্রণে ভুটানের প্রধানমন্ত্রীর এই সফর দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বের এক অনন্য নিদর্শন। ভুটান দূতাবাস জানিয়েছে, এই সফরের মাধ্যমে বাংলাদেশের জনগণের প্রতি ভুটানের অবিচল সমর্থন ও আস্থা প্রকাশ পেয়েছে। পারস্পরিক শ্রদ্ধা ও বিশ্বাসের ওপর ভিত্তি করে ঢাকা ও থিম্পুর মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও উচ্চতায় নিয়ে যেতে এই সফর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উল্লেখ্য, তারেক রহমানের এই ঐতিহাসিক শপথ অনুষ্ঠানে যোগ দিতে বিশ্বনেতাদের ঢল নেমেছে ঢাকায়। ইতিমধ্যে মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু, ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা এবং পাকিস্তান ও নেপালের উচ্চপদস্থ মন্ত্রীরা ঢাকা পৌঁছেছেন। এছাড়া যুক্তরাজ্য, তুরস্ক ও শ্রীলঙ্কার প্রতিনিধিরাও এই বর্ণাঢ্য আয়োজনে অংশ নিচ্ছেন, যা নতুন সরকারের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের ইতিবাচক বার্তার প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে।
Copyright © 2026 All rights reserved.