প্রকাশের তারিখঃ Feb 17, 2026 ইং
রোজায় মুসলিম ফুটবলারদের জন্য বিরতি দিচ্ছে প্রিমিয়ার লিগ
মুসলিম ফুটবলারদের ধর্মীয় অনুশাসনের প্রতি সম্মান জানিয়ে আসন্ন রমজানে ম্যাচ চলাকালীন ইফতারের বিরতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগ (EPL) ও ইংলিশ ফুটবল লিগ। সূর্যাস্তের সময় খেলা চললে মুসলিম খেলোয়াড় ও কর্মকর্তাদের রোজা ভাঙার সুযোগ দিতে সাময়িকভাবে ম্যাচ থামানো হবে। ২০২১ সাল থেকে চলে আসা এই বিশেষ নিয়মটি এ বছরও বহাল থাকছে।
এ সপ্তাহ থেকেই শুরু হতে যাওয়া রমজান মাসে বিলেতের মাঠে রোজা রেখেই খেলবেন মোহামেদ সালাহ, উইলিয়াম সালিবা ও আমাদ দিয়ালোর মতো তারকারা। প্রিমিয়ার লিগের নিয়ম অনুযায়ী, ম্যাচের আগে ক্লাব অধিনায়ক ও ম্যাচ অফিশিয়ালরা আলোচনা করে বিরতির সময় নির্ধারণ করবেন। তবে খেলা চলমান অবস্থায় থামানো হবে না; বরং গোল-কিক, ফ্রি-কিক বা থ্রো-ইনের মতো স্বাভাবিক বিরতির মুহূর্তে খেলোয়াড়রা তরল খাবার বা এনার্জি জেল খেয়ে রোজা ভাঙার সুযোগ পাবেন।
যুক্তরাজ্যে সূর্যাস্তের সময়ের সাথে মিল রেখে মূলত বিকেলের শেষভাগ ও সন্ধ্যার ম্যাচগুলোতে এই বিরতি কার্যকর হবে। উল্লেখ্য, ২০২১ সালে লেস্টার সিটি ও ক্রিস্টাল প্যালেসের ম্যাচে প্রথমবার আনুষ্ঠানিকভাবে এই বিরতি দেওয়া হয়েছিল। ফুটবলার আব্দুলায়ে ডুকুরের মতে, লিগের এমন উদ্যোগ খেলোয়াড়দের বিশ্বাসের প্রতি শ্রদ্ধার এক অনন্য নিদর্শন। এছাড়া ক্লাবগুলো মুসলিম অ্যাথলেটদের জন্য অনুশীলনের সময় পরিবর্তন ও হালাল খাবারের বিশেষ ব্যবস্থাও রাখছে।
Copyright © 2026 All rights reserved.