প্রকাশের তারিখঃ Feb 17, 2026 ইং
সরাইলে বাস-প্রাইভেটকার সংঘর্ষ: মা-ছেলের মৃত্যু
ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মা ও ছেলের প্রাণহানি ঘটেছে।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার শাহবাজপুর এলাকায় যাত্রীবাহী বাসের চাপায় একটি প্রাইভেটকার দুমড়েমুচড়ে গেলে এই দুর্ঘটনা ঘটে। এতে একই পরিবারের আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।
নিহতরা হলেন নরসিংদীর শিবপুর উপজেলার সৈয়দনগর গ্রামের আমজাদ হোসেন (৪৮) ও তার মা হাসিনা বেগম (৬৫)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শাহবাজপুর প্রথম গেট এলাকায় বিপরীত দিক থেকে আসা ময়মনসিংহ পরিবহনের একটি বাসের সাথে প্রাইভেটকারটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে কারে থাকা পাঁচ যাত্রীই মারাত্মকভাবে আহত হন।
স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়ার পথে চালক আমজাদ ও তার মা মারা যান। আহতদের মধ্যে আমজাদ হোসেনের দুই ছেলে ও এক নারী আত্মীয় বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি জাহাঙ্গীর আলম জানান, দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি সরিয়ে নেওয়ায় মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় ঘাতক বাসটিকে আটক করা হয়েছে এবং তদন্ত চলছে।
Copyright © 2026 All rights reserved.