প্রকাশের তারিখঃ Feb 17, 2026 ইং
ড. ইউনূসের সঙ্গে ভুটানের প্রধানমন্ত্রীর সাক্ষাৎ
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং তোবগে।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক অনুষ্ঠিত হয়। নতুন সরকারের মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকা সফরে আসা ভুটানি প্রধানমন্ত্রী এই সাক্ষাতে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের প্রশংসা করেন।
বৈঠককালে প্রধানমন্ত্রী শেরিং তোবগে একটি অত্যন্ত চ্যালেঞ্জিং সময়ে বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন সফলভাবে সম্পন্ন করার জন্য প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তিনি এই নির্বাচনকে বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন হিসেবে অভিহিত করেন।
এর আগে বিকেল ৩টার দিকে ভুটানের প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করলে তাকে স্বাগত জানান বিদায়ী পররাষ্ট্র উপদেষ্টা এম. তৌহিদ হোসেন। আজ বিকেলে নতুন প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান ও তার মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। এই সফরকে দুই প্রতিবেশী দেশের মধ্যকার দীর্ঘদিনের অটুট বন্ধুত্ব ও নতুন সরকারের প্রতি আন্তর্জাতিক সমর্থনের এক বলিষ্ঠ বার্তা হিসেবে দেখা হচ্ছে।
Copyright © 2026 All rights reserved.