প্রকাশের তারিখঃ Feb 17, 2026 ইং
সংসদে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান ও হুইপ নাহিদ
ত্রয়োদশ জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতার দায়িত্ব পেয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে ১১ দলীয় জোটের বৈঠক শেষে এই সিদ্ধান্ত জানানো হয়। বিরোধীদলীয় উপনেতা হিসেবে ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এবং হুইপ হিসেবে এনসিপি নেতা নাহিদ ইসলামকে নির্বাচিত করা হয়েছে। একইসঙ্গে সংবিধান সংস্কার পরিষদে শপথ না নেওয়ায় বিএনপির কড়া সমালোচনা করেছে জোটটি।
শপথ গ্রহণ পরবর্তী সভায় নতুন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেন, জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা ও গণভোটের রায়কে সম্মান জানানো আমাদের নৈতিক দায়িত্ব। সে কারণেই তাদের জোটের সংসদ সদস্যরা সংবিধান সংস্কার পরিষদে শপথ নিয়েছেন। তিনি মন্তব্য করেন, বিএনপি এই পরিষদে শপথ না নিয়ে জনগণের ম্যান্ডেট ও জুলাইয়ের চেতনাকে উপেক্ষা করেছে। তারেক রহমান গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েও কেন নিজের দলকে শপথ থেকে বিরত রাখলেন, তাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেন জামায়াত আমির।
অন্যদিকে, নবনির্বাচিত বিরোধীদলীয় হুইপ নাহিদ ইসলাম দাবি করেন, বিএনপি এই শপথ বর্জন করে রাজনৈতিক প্রতিশ্রুতি ভঙ্গ করেছে। তাদের দেওয়া আইনি ব্যাখ্যা অগ্রহণযোগ্য এবং এর ফলে একটি সাংবিধানিক সংকট তৈরি হয়েছে। সংসদে একটি শক্তিশালী ও গঠনমূলক বিরোধী দল হিসেবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন জোটের নেতারা।
Copyright © 2026 All rights reserved.