প্রকাশের তারিখঃ Feb 17, 2026 ইং
সিরাজগঞ্জে শিশু তামীম হত্যা মামলায় ৩ জনের আমৃত্যু কারাদণ্ড
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ৭ বছরের স্কুল ছাত্র তামীম হোসেনকে হত্যার দায়ে তিন আসামিকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ইকবাল হোসেন এই রায় প্রদান করেন। দণ্ডপ্রাপ্তদের প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানাও করা হয়েছে। এছাড়া অপর এক আসামিকে দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়।
মামলার নথী অনুযায়ী, ২০১৭ সালের ১০ ফেব্রুয়ারি উল্লাপাড়ার নরসিংহপাড়া গ্রামে নানার বাড়ি থেকে নিখোঁজ হয় তামীম। পরদিন সকালে পাশের একটি সরিষার খেত থেকে তার ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করা হয়। তাকে শ্বাসরোধ করে এবং মাথায় আঘাত করে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল। এই ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে মামলা করলে পুলিশ তদন্তে জানতে পারে, আধিপত্য বিস্তার নিয়ে বিরোধের জেরে শিশুটিকে হত্যা করা হয়েছে।
গ্রেপ্তারকৃত তিন আসামি আদালতে হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছিল। দীর্ঘ ৯ বছরের বিচারিক প্রক্রিয়া ও সাক্ষ্য-প্রমাণ শেষে আদালত আজ এই রায় ঘোষণা করেন। আদালতের পাবলিক প্রসিকিউটর রফিক সরকার রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। রায় ঘোষণার সময় দণ্ডিত আসামিরা কাঠগড়ায় উপস্থিত ছিলেন।
Copyright © 2026 All rights reserved.