প্রকাশের তারিখঃ Feb 17, 2026 ইং
সিঙ্গাপুর ও ব্রুনাইয়ে পবিত্র রমজান শুরু হচ্ছে বৃহস্পতিবার
দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ সিঙ্গাপুর ও ব্রুনাইয়ে আগামী বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকে পবিত্র রমজান মাস শুরু হতে যাচ্ছে।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় দেশ দুটিতে রমজানের চাঁদ দেখা না যাওয়ায় জ্যোতির্বিদ্যা ও ধর্মীয় বিধিবিধান অনুযায়ী এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে অস্ট্রেলিয়াও আগামী বৃহস্পতিবার থেকে রোজা শুরুর ঘোষণা দিয়েছে।
সিঙ্গাপুরের ইসলামিক রিলিজিয়াস কাউন্সিল জানিয়েছে, মঙ্গলবার চাঁদ দেখা না যাওয়ায় বুধবার শাবান মাসের ৩০ দিন পূর্ণ হবে এবং বৃহস্পতিবার থেকে মুসলিম উম্মাহ রোজা পালন ও তারাবি নামাজ শুরু করবেন। অন্যদিকে, ব্রুনাইয়ের শরিয়াহ হাইকোর্টের বিচারক ইয়াং আরিফ আওয়াং হাজি হাসানও রাষ্ট্রীয় গণমাধ্যমে বৃহস্পতিবার থেকে রমজান শুরুর আনুষ্ঠানিক ঘোষণা দেন। জ্যোতির্বিদ্যা কর্তৃপক্ষের নিবিড় পর্যবেক্ষণের পর তারা এই সিদ্ধান্তে পৌঁছেছেন।
ওশেনিয়া মহাদেশের দেশ অস্ট্রেলিয়াও বৃহস্পতিবার থেকে রোজা শুরুর কথা নিশ্চিত করেছে। তবে সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে চাঁদ দেখার চূড়ান্ত ঘোষণা এখনো আসেনি। ভৌগোলিক অবস্থান ও চাঁদ দেখার পার্থক্যের কারণে এবারও বিশ্বের বিভিন্ন প্রান্তে রোজা শুরুর তারিখ ও সময়ে ভিন্নতা লক্ষ্য করা যাচ্ছে।
Copyright © 2026 All rights reserved.