প্রকাশের তারিখঃ Feb 18, 2026 ইং
সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে তাঁর দাপ্তরিক কার্যক্রম শুরু করেছেন।
আজ (১৮ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে তিনি মন্ত্রিপরিষদের সদস্যদের নিয়ে সচিবালয়ে প্রবেশ করেন। এর আগে তিনি জাতীয় স্মৃতিসৌধ এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন। নতুন সরকারকে বরণ করে নিতে আজ সকাল থেকেই সচিবালয় সেজেছে নতুন সাজে।
প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর আজই ছিল তারেক রহমানের প্রথম কর্মদিবস। দুপুর ১২টা ৫ মিনিটে সমাধি জিয়ারত শেষে তিনি সচিবালয়ের ৫ নম্বর গেট দিয়ে প্রবেশ করেন। তাঁর আগমন উপলক্ষে সচিবালয় জুড়ে নেওয়া হয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা। মন্ত্রিপরিষদ বিভাগের তৃতীয় তলায় প্রধানমন্ত্রীর নির্ধারিত কক্ষটি ইতোমধ্যেই দাপ্তরিক কাজের জন্য প্রস্তুত করা হয়েছে।
কর্মসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী আজ মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভায় অংশ নেবেন। এরপর বিকেল ৩টায় নতুন মন্ত্রিসভার প্রথম বিশেষ বৈঠক অনুষ্ঠিত হবে। দিনশেষে বিকেল ৪টায় তিনি বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে বসবেন। প্রধানমন্ত্রীর পাশাপাশি নবনিযুক্ত মন্ত্রী ও প্রতিমন্ত্রীরাও আজ নিজ নিজ মন্ত্রণালয়ে দায়িত্ব গ্রহণ করেছেন এবং কর্মকর্তাদের সঙ্গে পরিচিতি সভা শেষে সাংবাদিকদের ব্রিফিং করবেন।
Copyright © 2026 All rights reserved.