প্রকাশের তারিখঃ Feb 18, 2026 ইং
অর্থনীতিকে সবার জন্য উন্মুক্ত করার ঘোষণা নতুন অর্থমন্ত্রীর
বাংলাদেশের অর্থনীতিকে মুষ্টিমেয় মানুষের কবজা থেকে মুক্ত করে সবার জন্য সমান সুযোগ তৈরির প্রত্যয় ব্যক্ত করেছেন নতুন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে প্রথম কর্মদিবসে তিনি জানান, দলীয় পৃষ্ঠপোষকতার অর্থনীতি আর চলতে দেওয়া হবে না। একই সঙ্গে ধ্বংসপ্রায় রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো সংস্কার এবং পেশাদারিত্ব ফিরিয়ে আনা হবে তাঁর সরকারের অগ্রাধিকার।
দায়িত্ব গ্রহণের পর প্রথম সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী বলেন, বর্তমানে দেশ একটি 'ওভার রেগুলেটেড' বা অতিরিক্ত নিয়মনীতির বেড়াজালে আটকে আছে, যা মূলত নির্দিষ্ট গোষ্ঠীকে সুবিধা দেওয়ার জন্য করা হয়েছে। তিনি অর্থনীতিতে ডিরেগুলেশন বা বিধিনিষেধ শিথিল করার পাশাপাশি বাজার ব্যবস্থাকে উদারীকরণের (Liberalization) ওপর জোর দেন। তাঁর মতে, প্রতিটি নাগরিকের যেন অর্থনীতিতে অংশগ্রহণের সমান অধিকার থাকে, তা নিশ্চিত করাই বর্তমান প্রশাসনের লক্ষ্য।
অর্থমন্ত্রী আরও উল্লেখ করেন, স্বচ্ছতা ও দক্ষতার অভাবে দেশের প্রতিষ্ঠানগুলো ভেঙে পড়েছে। তাই কোনো বড় কর্মসূচি হাতে নেওয়ার আগেই এই প্রতিষ্ঠানগুলোকে পুনর্গঠন করতে হবে। অর্থনীতির সুফল যেন সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছায়, সেজন্য একটি গণতান্ত্রিক ও প্রতিযোগিতামূলক বাজার ব্যবস্থা গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।
Copyright © 2026 All rights reserved.