প্রকাশের তারিখঃ Feb 18, 2026 ইং
ময়মনসিংহে দুই নতুন এমপির প্রতিমন্ত্রীর দায়িত্ব লাভে উৎসব
ময়মনসিংহ-৩ ও ময়মনসিংহ-৯ আসন থেকে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েই বাজিমাত করেছেন এম ইকবাল হোসেইন এবং ইয়াসের খান চৌধুরী। তারেক রহমানের নতুন মন্ত্রিসভায় তারা দুজনই প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন। ইকবাল হোসেইনকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ এবং ইয়াসের খানকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। এই খবরে গৌরীপুর ও নান্দাইল এলাকায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছেন উচ্ছ্বসিত নেতা-কর্মীরা।
গৌরীপুর (ময়মনসিংহ-৩) থেকে নির্বাচিত এম ইকবাল হোসেইন বিগত দুটি নির্বাচনে হারলেও এবার বিপুল ভোটে জয়ী হয়ে সরাসরি প্রতিমন্ত্রীর চেয়ারে বসলেন। ১৯৭৯ সালের পর এই প্রথম গৌরীপুরবাসী কোনো মন্ত্রী পেল। স্থানীয় বিএনপি নেতারা জানান, তাকে ঘিরে এলাকায় সন্ত্রাস ও মাদকমুক্ত উন্নয়নের নতুন আশা তৈরি হয়েছে। শপথের খবর পৌঁছামাত্রই এলাকায় বাদ্যযন্ত্র বাজিয়ে আনন্দ মিছিল ও কয়েক মণ মিষ্টি বিতরণ করা হয়।
অন্যদিকে, নান্দাইল (ময়মনসিংহ-৯) আসনের ইতিহাসে বিএনপি থেকে প্রথমবার মন্ত্রিত্ব পেলেন ইয়াসের খান চৌধুরী। সাবেক এমপি আনোয়ারুল হোসেন খান চৌধুরীর ছেলে ইয়াসের একজন পেশাদার তথ্যপ্রযুক্তি বিজ্ঞানী, যিনি দীর্ঘদিন লন্ডনে বিবিসি নেটওয়ার্কে কাজ করেছেন। তাঁর এই সাফল্যে নান্দাইলের মোয়াজ্জেমপুরে বিশেষ দোয়ার আয়োজন করা হয়। শিক্ষিত ও দক্ষ এই তরুণ নেতার হাত ধরে তথ্যপ্রযুক্তি খাতে বিশেষ উন্নয়নের প্রত্যাশা করছেন স্থানীয় সাধারণ মানুষ।
Copyright © 2026 All rights reserved.