প্রকাশের তারিখঃ Feb 18, 2026 ইং
মব জাস্টিস দমনে কঠোর ব্যবস্থার ঘোষণা মির্জা ফখরুলের
সচিবালয়ে প্রথম কর্মদিবসে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঘোষণা করেছেন যে, দেশে কোনো ধরনের ‘মব জাস্টিস’ বা আইন নিজের হাতে তুলে নেওয়া বরদাশত করা হবে না। আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি ঘটিয়ে জনমনে স্বস্তি ফেরানোই সরকারের প্রধান লক্ষ্য। তৃণমূল পর্যায়ে গণতন্ত্রকে শক্তিশালী করতে এবং জনগণের সমস্যা সমাধানে মন্ত্রণালয়কে আরও গতিশীল করার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মির্জা ফখরুল বলেন, একটি বড় গণঅভ্যুত্থানের পর পরিস্থিতি স্বাভাবিক হতে কিছুটা সময় লাগে। তবে নির্বাচিত সরকার এখন পূর্ণ শক্তি দিয়ে শৃঙ্খলা ফেরাতে কাজ করবে। অন্তর্বর্তীকালীন সরকারের সফলতার প্রশংসা করে তিনি বলেন, তারা গণতন্ত্রে উত্তরণের যে কঠিন পথ তৈরি করে দিয়ে গেছে, তার ওপর ভিত্তি করেই নতুন মন্ত্রিসভা কাজ করবে।
সাবেক স্থানীয় সরকার প্রতিনিধি হিসেবে নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি আরও জানান, প্রতিটি নাগরিকের কাছে উন্নয়নের সুফল পৌঁছে দিতে তিনি বদ্ধপরিকর। দেশের অর্থনীতি ও ব্যাংকিং খাতের সংকট দ্রুত কাটিয়ে ওঠার ব্যাপারেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। বিশেষ করে তৃণমূল মানুষের সঙ্গে মন্ত্রণালয়ের নিবিড় সম্পর্ক তৈরি করে দুর্নীতিমুক্ত এবং জনবান্ধব সেবা নিশ্চিত করাই হবে তাঁর এই মেয়াদের মূল চ্যালেঞ্জ।
Copyright © 2026 All rights reserved.