প্রকাশের তারিখঃ Feb 18, 2026 ইং
ইরান সীমান্তে ৫০ যুদ্ধবিমান মোতায়েন করল যুক্তরাষ্ট্র
ইরান ও যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে ট্রাম্প প্রশাসনের নির্দেশে মধ্যপ্রাচ্যে অন্তত ৫০টি অত্যাধুনিক যুদ্ধবিমান মোতায়েন করা হয়েছে। এফ-৩৫ এবং এফ-২২ এর মতো শক্তিশালী স্টিলথ ফাইটার জেটের এই বিশাল সমাবেশকে বড় ধরনের সামরিক অভিযানের পূর্বাভাস হিসেবে দেখছেন বিশ্লেষকরা। জবাবে ইরানও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে নৌ-মহড়া শুরু করে সমুদ্রপথটি আংশিক বন্ধ করে দিয়েছে।
পেন্টাগনের এই ব্যাপক সমরপ্রস্তুতি মূলত পরমাণু ইস্যুতে তেহরানকে চাপে ফেলার কৌশল বলে মনে করা হচ্ছে। সম্প্রতি জেনেভায় ওমানের মধ্যস্থতায় দুই দেশের প্রতিনিধিদের মধ্যে উচ্চপর্যায়ের আলোচনা হলেও কোনো চূড়ান্ত সমাধান আসেনি। মার্কিন কর্মকর্তাদের মতে, ইরানের পরবর্তী প্রস্তাব সন্তোষজনক না হলে দীর্ঘমেয়াদী সামরিক পদক্ষেপ নিতে পারে ওয়াশিংটন। এমনকি ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সাথে এক বৈঠকে ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন যে, আলোচনা ব্যর্থ হলে ইরানের মিসাইল কর্মসূচিতে ইসরায়েলি হামলাকে সমর্থন দেবে যুক্তরাষ্ট্র।
অন্যদিকে, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি যেকোনো মার্কিন রণতরী ডুবিয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। হরমুজ প্রণালী বন্ধ হওয়ার খবরে বিশ্ববাজারে জ্বালানি তেলের সংকটের আশঙ্কা দেখা দিয়েছে, কারণ বিশ্বের ২০ শতাংশ জ্বালানি এই পথ দিয়েই পরিবাহিত হয়। আগামী দুই সপ্তাহের মধ্যে ইরান তাদের নতুন পরমাণু প্রস্তাব পেশ করার কথা রয়েছে, যা নির্ধারণ করবে মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা বাজবে নাকি কূটনৈতিক উপায়ে শান্তি ফিরবে।
Copyright © 2026 All rights reserved.