প্রকাশের তারিখঃ Feb 18, 2026 ইং
দ্রুতই স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের ঘোষণা মির্জা ফখরুলের
তৃণমূল পর্যায়ে গণতন্ত্র সুসংহত করতে যত দ্রুত সম্ভব ইউনিয়ন, উপজেলা ও জেলা পরিষদ নির্বাচন আয়োজনের উদ্যোগ নেবে সরকার।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে প্রথম কার্যদিবসে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই ঘোষণা দেন। তিনি জানান, দেশের আইনশৃঙ্খলা ও অর্থনৈতিক পরিস্থিতি আগের চেয়ে স্থিতিশীল হয়েছে এবং সমন্বিত প্রচেষ্টায় মব জাস্টিস বা গণপিটুনির মতো ঘটনা কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে।
প্রথম কর্মদিবসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী বলেন, বিগত সরকারের আমলে নির্বাচিত জনপ্রতিনিধিদের অপসারণের পর তৈরি হওয়া প্রশাসনিক শূন্যতা কাটাতে দ্রুত নির্বাচনের কোনো বিকল্প নেই। বর্তমানে যেসব ইউনিয়ন পরিষদ বা স্থানীয় সরকারের প্রতিনিধিরা অনুপস্থিত বা পলাতক রয়েছেন, সেই বিষয়ে সরকার দ্রুতই সুনির্দিষ্ট সিদ্ধান্ত নেবে।
দেশের চলমান পরিস্থিতি নিয়ে তিনি আরও বলেন, “একটি বড় গণঅভ্যুত্থানের পর সব কিছু মুহূর্তেই ঠিক হয়ে যায় না, তবে আমরা চ্যালেঞ্জ নিয়ে কাজ করছি।” নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনৈতিক অবস্থান নিয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, এ বিষয়ে সরকারে আলোচনার পর পরবর্তীতে বিস্তারিত জানানো হবে। এছাড়া ভেঙে পড়া ব্যাংকিং খাত ও ম্যাক্রো ইকোনমিক স্ট্যাবিলিটি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
Copyright © 2026 All rights reserved.