প্রকাশের তারিখঃ Feb 18, 2026 ইং
সাতকানিয়ায় এক হাজার টন খেজুর মজুত: লাখ টাকা জরিমানা
চট্টগ্রামের সাতকানিয়ায় একটি হিমাগারে বিপুল পরিমাণ খেজুর অবৈধভাবে মজুত রাখার দায়ে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে খাগরিয়া এলাকার ‘বার আউলিয়া হিমাগার প্রাইভেট লিমিটেড’-এ অভিযান চালিয়ে এই দণ্ডাদেশ দেওয়া হয়। বাজারদর স্থিতিশীল রাখতে আগামী সাত দিনের মধ্যে মজুতকৃত সকল খেজুর বাজারে ছাড়ার কঠোর নির্দেশ দিয়েছে স্থানীয় প্রশাসন।
সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসানের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। গোপন সংবাদের ভিত্তিতে হিমাগারটিতে তল্লাশি চালিয়ে প্রায় এক হাজার টন খেজুরের সন্ধান পাওয়া যায়। আসন্ন রমজানকে সামনে রেখে কৃত্রিম সংকট সৃষ্টির আশঙ্কায় হিমাগারটির ম্যানেজারকে তাৎক্ষণিকভাবে জরিমানা করা হয়।
অভিযানকালে ম্যাজিস্ট্রেট নির্দেশ দেন যে, আগামী এক সপ্তাহের মধ্যে এসব খেজুর বাজারজাত করতে হবে এবং প্রকৃত মালিকদের তালিকা দ্রুত জমা দিতে হবে। দণ্ডপ্রাপ্ত ম্যানেজার রমজান আলী দাবি করেন, বর্তমানে ৬ হাজার বস্তার মতো খেজুর অবশিষ্ট আছে এবং বাকিগুলো ইতিমধ্যে ব্যবসায়ীরা নিয়ে গেছেন। প্রশাসন জানিয়েছে, রমজান উপলক্ষে বাজার তদারকি এবং সিন্ডিকেট বিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Copyright © 2026 All rights reserved.