প্রকাশের তারিখঃ Feb 18, 2026 ইং
সিন্ডিকেট দমনে হুঙ্কার: কাজ করে দেখাবেন বাণিজ্যমন্ত্রী
সচিবালয়ে প্রথম কর্মদিবসেই বাজার সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন নবনিযুক্ত বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি স্পষ্ট জানিয়েছেন, সিন্ডিকেট নিয়ে কেবল কথার কথা বা ‘সাউন্ড বাইট’ নয়, বরং দৃশ্যমান কাজের মাধ্যমে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বিনিয়োগের জন্য স্থিতিশীল পরিবেশ নিশ্চিত করা এবং রপ্তানি পণ্যে বৈচিত্র্য আনাই হবে তাঁর প্রাথমিক লক্ষ্য।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, দেশের বাজার ব্যবস্থাকে জিম্মি করে রাখা সিন্ডিকেটগুলোর শিকড় উপড়ে ফেলতে সরকার বদ্ধপরিকর। তিনি আরও জানান, এলডিসি গ্র্যাজুয়েশন বা স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের প্রক্রিয়াটি দেশের স্বার্থে কিছুটা বিলম্বিত করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেবে তাঁর মন্ত্রণালয়। একই সঙ্গে বাণিজ্য প্রতিমন্ত্রী মো. শরীফুল আলমও কাজের মাধ্যমে ফলাফল দেখানোর প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর নতুন সরকারের প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান আজই প্রথম সচিবালয়ে অফিস করছেন। তাঁর নেতৃত্বে অনুষ্ঠিত প্রথম মন্ত্রিসভার বৈঠকে দেশের অর্থনীতি ও বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা আসবে বলে আশা করা হচ্ছে।
Copyright © 2026 All rights reserved.