প্রকাশের তারিখঃ Feb 18, 2026 ইং
ভয়মুক্ত সাংবাদিকতার পরিবেশ গড়ার প্রতিশ্রুতি তথ্যমন্ত্রীর
বাংলাদেশে স্বাধীন ও ভয়মুক্ত সাংবাদিকতার পরিবেশ নিশ্চিত করার ঘোষণা দিয়েছেন নবনিযুক্ত তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে প্রথম কর্মদিবসে তিনি বলেন, সরকারি গণমাধ্যমের প্রতি জনগণের যে অনাস্থা তৈরি হয়েছে, তা দূর করে নতুনভাবে কাজ শুরু করবে সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ পরিকল্পনা অনুযায়ী গণমাধ্যমকে সব ধরনের নজরদারি ও মানসিক চাপমুক্ত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
দায়িত্ব গ্রহণের পর জহির উদ্দিন স্বপন জানান, সাংবাদিকরা দীর্ঘদিন ধরে যে ভয়ের সংস্কৃতির মধ্যে ছিলেন, তার অবসান ঘটানোই হবে তাঁর প্রধান লক্ষ্য। তিনি বলেন, গণমাধ্যমের মতো সৃজনশীল পেশার মানুষদের সারাক্ষণ নজরদারিতে থাকা অত্যন্ত যন্ত্রণাদায়ক। আমরা এই পরিস্থিতির পরিবর্তন করব।
উল্লেখ্য, মঙ্গলবার বিকেলে তারেক রহমানের নেতৃত্বে গঠিত নতুন মন্ত্রিসভায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পান তিনি। প্রথম দিনেই তিনি গণমাধ্যমের স্বাধীনতার ওপর গুরুত্ব দিয়ে জানান, সরকারের সমালোচনা করার অধিকার সাংবাদিকদের থাকবে এবং সরকারি তথ্য প্রচারের ক্ষেত্রেও স্বচ্ছতা আনা হবে। দেশের গণমাধ্যম খাতকে আধুনিক ও জনবান্ধব করতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আশ্বাসও দেন তিনি।
Copyright © 2026 All rights reserved.