প্রকাশের তারিখঃ Feb 18, 2026 ইং
রমজানে স্কুল ছুটি নিয়ে দোদুল্যমান শিক্ষা মন্ত্রণালয়
রমজান মাসে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা থাকবে কি না, তা নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে। হাইকোর্ট মাধ্যমিক বিদ্যালয় বন্ধের নির্দেশনা দিলেও চেম্বার আদালত তা স্থগিত করায় আপাতত ক্লাস চালু থাকছে। তবে প্রাথমিক বিদ্যালয়গুলোর ছুটি নিয়ে এখনো কোনো চূড়ান্ত বার্তা দেয়নি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। ফলে কবে থেকে ছুটি শুরু হবে, তা নিয়ে ধোঁয়াশা কাটছে না।
শিক্ষা মন্ত্রণালয়ের বাৎসরিক ক্যালেন্ডার অনুযায়ী, আগামী ৮ মার্চ থেকে মাধ্যমিক ও প্রাথমিক স্তরে ছুটি শুরু হওয়ার কথা। তবে রমজানের শুরু থেকেই স্কুল বন্ধের দাবিতে উচ্চ আদালতে রিট করা হলে আদালত ১৮ ফেব্রুয়ারি থেকে ছুটির নির্দেশ দেন। পরবর্তীতে চেম্বার আদালত এই আদেশে স্থগিতাদেশ দেওয়ায় আপাতত স্কুল খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা প্রশাসন। আপিল বিভাগের চূড়ান্ত শুনানির পরেই বিষয়টি পরিষ্কার হবে।
অন্যদিকে, কলেজ ও মাদরাসাগুলোতে আজ ১৮ ফেব্রুয়ারি থেকেই ছুটি শুরু হয়ে গেছে। কিন্তু প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের ক্ষেত্রে ভিন্ন নিয়ম বহাল থাকায় অনেক শিক্ষক ও অভিভাবক ক্ষোভ প্রকাশ করেছেন। বিশেষ করে রোজার শুরুতে যানজট ও তীব্র গরমে ছোট ছোট শিক্ষার্থীদের স্কুলে যাতায়াত নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। মন্ত্রণালয় জানিয়েছে, উচ্চ আদালতের চূড়ান্ত সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
Copyright © 2026 All rights reserved.