প্রকাশের তারিখঃ Feb 18, 2026 ইং
নতুন পে স্কেল নিয়ে যা বললেন অর্থমন্ত্রী আমীর খসরু
সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের জন্য নবম পে স্কেল বাস্তবায়নের বিষয়ে এখনই কোনো চূড়ান্ত ঘোষণা দেননি নতুন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে দায়িত্ব গ্রহণের প্রথম দিন তিনি জানান, দেশের বর্তমান ভঙ্গুর অর্থনৈতিক পরিস্থিতি এবং ট্যাক্স-জিডিপি রেশিও পর্যালোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি স্পষ্ট করেন যে, আগে পে কমিশনের সুপারিশগুলো পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করা হবে, তারপর দেখা হবে বাজেটে কতটুকু সংকুলান সম্ভব।
নতুন অর্থমন্ত্রী বলেন, "দেশের অর্থনীতি এখন এমন এক পর্যায়ে যেখানে ট্যাক্স রেভিনিউ দক্ষিণ এশিয়ার মধ্যে সর্বনিম্ন। তাই না দেখে বলা সম্ভব নয় যে, নতুন পে স্কেল কতটুকু বা কখন বাস্তবায়ন করা যাবে।" তিনি আরও উল্লেখ করেন যে, বর্তমান সরকার এমন এক অর্থনৈতিক কাঠামো গড়তে চায় যেখানে সাধারণ মানুষের অংশগ্রহণ থাকবে এবং সবাই সুফল পাবে।
জাকির আহমেদ খানের নেতৃত্বাধীন বেতন কমিশন গত ২১ জানুয়ারি প্রায় ১০০-১৪৭ শতাংশ পর্যন্ত বেতন বৃদ্ধির সুপারিশ সম্বলিত প্রতিবেদন জমা দিয়েছিল। তবে অর্থমন্ত্রী আজ জানিয়েছেন, কমিশনের দেওয়া সুপারিশ অনুযায়ী বিশাল অংকের এই অর্থ বরাদ্দ করা কতটুকু বাস্তবসম্মত, তা খতিয়ে দেখতে আরও সময়ের প্রয়োজন। আপাতত সব শ্রেণির মানুষের জন্য একটি ‘লেভেল প্লেইং ফিল্ড’ তৈরি করা এবং জনবান্ধব অর্থনীতি গড়াই তাঁর মূল লক্ষ্য।
Copyright © 2026 All rights reserved.