প্রকাশের তারিখঃ Feb 18, 2026 ইং
এমপিদের বিলাসিতা বর্জনের ঘোষণা: সাধুবাদ জানালো টিআইবি
শুল্কমুক্ত গাড়ি ও সরকারি প্লট সুবিধা না নেওয়ার ঘোষণা দেওয়ায় নতুন সংসদের সদস্যদের অভিনন্দন জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সংস্থাটি এই সিদ্ধান্তকে বৈষম্যহীন রাষ্ট্র গড়ার পথে একটি ‘আশাজাগানিয়া সূচনা’ হিসেবে অভিহিত করেছে। একই সঙ্গে স্বচ্ছতা নিশ্চিতে সংসদ সদস্য ও সকল সরকারি কর্মকর্তাদের বার্ষিক সম্পদ বিবরণী নিয়মিত ওয়েবসাইটে প্রকাশের দাবি জানিয়েছে সংগঠনটি।
টিআইবি’র নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান এক বিবৃতিতে বলেন, ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতি রোধে এটি একটি সময়োপযোগী পদক্ষেপ। তবে কেবল সুযোগ-সুবিধা ত্যাগ করলেই হবে না, জুলাই সনদের ৭৪ ধারা অনুযায়ী সকল জনপ্রতিনিধিকে দায়িত্ব নেওয়ার তিন মাসের মধ্যে নিজের ও পরিবারের সম্পদের হিসাব জনসমক্ষে আনতে হবে। রাষ্ট্র মেরামতে বিএনপির ৩১ দফা ও নির্বাচনী ইশতিহারের প্রতিফলন ঘটাতে একটি সমন্বিত জাতীয় দুর্নীতিবিরোধী কৌশল প্রণয়নেরও আহ্বান জানান তিনি।
বিবৃতিতে আরও বলা হয়, সরকারি কেনাকাটা, উন্নয়ন প্রকল্প ও নিয়োগে দলবাজি বা চাঁদাবাজি বন্ধ করা না গেলে এই উদ্যোগের পূর্ণ সুফল মিলবে না। টিআইবি আশা প্রকাশ করে যে, নতুন সরকার সংবিধান সংশোধনের মাধ্যমে ক্ষমতার ভারসাম্য রক্ষা করবে এবং রাষ্ট্রের প্রতিটি স্তরে জবাবদিহিতা নিশ্চিত করে জনগণের ম্যান্ডেটের মর্যাদা রাখবে।
Copyright © 2026 All rights reserved.