প্রকাশের তারিখঃ Feb 19, 2026 ইং
প্রথম রোজাতেই অস্থির পেঁয়াজের বাজার
পবিত্র রমজানের প্রথম দিনেই রাজধানীর বাজারে পেঁয়াজের দাম এক লাফে কেজিতে ১০ থেকে ১৫ টাকা বেড়েছে। সপ্তাহের ব্যবধানে দাম বেড়ে বর্তমানে প্রতি কেজি পেঁয়াজ ৬০ থেকে ৭০ টাকায় বিক্রি হচ্ছে। সরবরাহ সংকট ও বাড়তি চাহিদাকে অজুহাত হিসেবে দাঁড় করালেও রোজার শুরুতেই নিত্যপণ্যের এমন চড়া দামে দিশেহারা হয়ে পড়েছেন সাধারণ ক্রেতারা।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাজধানীর মোহাম্মদপুর, ধানমন্ডি ও রায়েরবাজারসহ বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, মানভেদে পেঁয়াজের দাম আকাশচুম্বী। গত সপ্তাহে যে পেঁয়াজ ৪৫-৫০ টাকায় পাওয়া যেত, আজ তা ৭০ টাকায় ঠেকেছে। খুচরা বিক্রেতাদের দাবি, আড়তে সরবরাহ কম এবং রমজানের বাড়তি চাহিদার কারণে পাইকারি পর্যায়েই দাম বেড়ে গেছে।
ক্রেতারা একে ব্যবসায়ীদের 'পকেট কাটার উৎসব' বলে অভিহিত করেছেন। ধানমন্ডি এলাকায় বাজার করতে আসা সাধারণ মানুষ জানান, মাত্র কয়েক দিনের ব্যবধানে দামের এই বিশাল ব্যবধান কোনোভাবেই স্বাভাবিক নয়। বাজার বিশ্লেষকদের মতে, অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেট ও কৃত্রিম সংকটের কারণেই এই অস্থিরতা। এখনই কঠোর তদারকি শুরু না হলে ভোগান্তি আরও বাড়ার আশঙ্কা রয়েছে।
Copyright © 2026 All rights reserved.