প্রকাশের তারিখঃ Feb 19, 2026 ইং
১৮ দিনেই ২ বিলিয়ন ডলার: রেমিট্যান্সে নতুন রেকর্ড
নির্বাচন ও পবিত্র রমজানকে সামনে রেখে দেশে প্রবাসী আয়ের ঢল নেমেছে। চলতি ফেব্রুয়ারি মাসের মাত্র ১৮ দিনেই ২ বিলিয়ন (২০০ কোটি) ডলারের বেশি রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। আয়ের এই ধারা অব্যাহত থাকলে মাস শেষে এটি ৩ বিলিয়ন ডলারের মাইলফলক স্পর্শ করবে বলে আশা করা হচ্ছে। বৈধ পথে রেমিট্যান্স বাড়ায় দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে ইতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, ২০২৫-২৬ অর্থবছরের জুলাই থেকে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত মোট ২ হাজার ১৫৬ কোটি ডলার রেমিট্যান্স এসেছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ২২.৩ শতাংশ বেশি। গত জানুয়ারি মাসেও ৩১৭ কোটি ডলার পাঠিয়ে প্রবাসীরা নতুন রেকর্ড গড়েছিলেন। মূলত ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর হুন্ডি ব্যবসা কমে আসা এবং ডলারের বিনিময় হার স্থিতিশীল হওয়ায় প্রবাসীরা ব্যাংকিং চ্যানেলে অর্থ পাঠাতে বেশি আগ্রহী হচ্ছেন।
বর্তমানে দেশের প্রকৃত রিজার্ভ (BPM-6 অনুযায়ী) ২৯.৮৬ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। ব্যাংক কর্মকর্তাদের মতে, অর্থ পাচার রোধে কঠোর অবস্থান এবং রমজানের বাড়তি খরচ মেটাতে প্রবাসীদের পাঠানো এই অর্থ দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী করবে। সংশ্লিষ্টরা মনে করছেন, চলতি বছর প্রবাসী আয়ের ক্ষেত্রে পূর্বের সকল রেকর্ড ভেঙে এক নতুন ইতিহাস তৈরি হতে পারে।
Copyright © 2026 All rights reserved.