প্রকাশের তারিখঃ Feb 20, 2026 ইং
বোরকা পরে বাজারে ম্যাজিস্ট্রেট: ৭টি দোকানকে জরিমানা
রমজান মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে বোরকা পরে ছদ্মবেশে বাজারে ঝটিকা অভিযান চালিয়েছেন মাদারীপুরের শিবচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাইখা সুলতানা।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকালে সাধারণ ক্রেতা সেজে বাজারে ঢুকে তিনি ওজনে কম দেওয়া ও অতিরিক্ত দাম রাখার মতো অনিয়ম হাতেনাতে ধরেন। পরে নিজের পরিচয় প্রকাশ করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৭টি প্রতিষ্ঠানকে জরিমানা করেন তিনি।
পবিত্র রমজান উপলক্ষে অসাধু ব্যবসায়ীদের কারসাজি রোধে এক অভিনব কৌশলে মাঠে নেমেছেন মাদারীপুরের শিবচরের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাইখা সুলতানা। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে তিনি বোরকা পরে সাধারণ ক্রেতার ছদ্মবেশে শিবচর পৌর বাজারে প্রবেশ করেন। দীর্ঘ আড়াই ঘণ্টা তিনি বাজারের মাছ, মাংস, ফল ও মুদি দোকানগুলো ঘুরে দেখেন এবং সাধারণ মানুষের মতো দরদাম করে বাজার পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।
ছদ্মবেশে মনিটরিং করার সময় ম্যাজিস্ট্রেট দেখতে পান, অনেক বিক্রেতা সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে পণ্য বিক্রি করছেন এবং ওজনেও কারচুপি করছেন। এছাড়া খাসি ও ছাগীর মাংস একই দামে বিক্রি করে ক্রেতাদের সাথে প্রতারণার বিষয়টিও তার নজরে আসে। অনিয়মগুলো নিশ্চিত হওয়ার পর বেলা সাড়ে ১২টার দিকে তিনি ছদ্মবেশ ত্যাগ করে নিজের পরিচয় প্রকাশ করেন এবং তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে বিভিন্ন অনিয়মের দায়ে ৭টি দোকানকে মোট ১২ হাজার টাকা জরিমানা করা হয়। শিবচর থানা পুলিশের সহযোগিতায় পরিচালিত এই অভিযানে অন্যান্য ব্যবসায়ীদেরও কঠোরভাবে সতর্ক করা হয়। অভিযান শেষে শাইখা সুলতানা জানান, প্রকৃত চিত্র বুঝতে তিনি ক্রেতা সেজে বাজারে গিয়েছিলেন। জনস্বার্থে এবং বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে সামনের দিনগুলোতে এ ধরনের আরও কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
Copyright © 2026 All rights reserved.