প্রকাশের তারিখঃ Feb 21, 2026 ইং
বগুড়ায় বিনম্র শ্রদ্ধায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন
নিজস্ব প্রতিনিধি: যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বগুড়ায় পালিত হয়েছে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। একুশের প্রথম প্রহরে শহীদ খোকন পার্কের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সর্বস্তরের জনতা।
আজ (২১ ফেব্রুয়ারি) একুশের প্রথম প্রহর রাত ১২টা ১ মিনিটে বগুড়া শহরের ঐতিহাসিক শহীদ খোকন পার্কে ফুলেল শ্রদ্ধায় স্মরণ করা হয় ১৯৫২ সালের ভাষা সৈনিকদের। জেলা প্রশাসক তৌফিকুর রহমান ও পুলিশ সুপার মো. শাহাদাত হোসেনের পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন শুরু হয়। এরপর পর্যায়ক্রমে জেলা পরিষদ, পৌরসভা, বগুড়া প্রেসক্লাব, মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটিসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর এবং সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়।
শহীদ মিনার প্রাঙ্গণ এসময় ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গানের সুরে মুখরিত হয়ে ওঠে। সকালে জেলা ছাত্রদলসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনও পৃথকভাবে পুষ্পমাল্য অর্পণ করে। শ্রদ্ধা নিবেদন শেষে ভাষা শহীদদের স্মরণে কিছুক্ষণ নীরবতা পালন করা হয়।
বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবুল কালাম বলেন, "বিশ্বের ইতিহাসে বাঙালিরাই একমাত্র জাতি যারা ভাষার জন্য প্রাণ দিয়েছে। মাতৃভাষার মর্যাদা রক্ষা ও স্বাধীন মত প্রকাশের অধিকার নিশ্চিত করাই হোক এবারের একুশের অঙ্গীকার।" অন্যদিকে, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সাধারণ সম্পাদক এম এ সাঈদ ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে সারা বছর মাতৃভাষার সঠিক চর্চার ওপর গুরুত্বারোপ করেন।
দিবসটি উপলক্ষে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা সভা, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়। উল্লেখ্য, ১৯৯৯ সালে ইউনেস্কোর স্বীকৃতির পর থেকে ২১শে ফেব্রুয়ারি বিশ্বব্যাপী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হয়ে আসছে। সেই চেতনায় উদ্বুদ্ধ হয়ে বগুড়াবাসী এবারও পরম মমতায় স্মরণ করল জাতির শ্রেষ্ঠ সন্তানদের।
জাহিদ/রাজধানী
Copyright © 2026 All rights reserved.