প্রকাশের তারিখঃ Feb 21, 2026 ইং
শারজাহতে ভিক্ষাবৃত্তি রোধে পুলিশের বিশেষ অভিযান
আসন্ন রমজান উপলক্ষে ভিক্ষাবৃত্তি নির্মূলে বিশেষ অভিযান শুরু করেছে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ পুলিশ। ‘ভিক্ষাবৃত্তি অপরাধ, দান দায়িত্ব’—এই স্লোগানকে সামনে রেখে জনসাধারণের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং সুশৃঙ্খলভাবে দান করার লক্ষে এ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।
পবিত্র রমজানে ভিক্ষাবৃত্তি দমনে কঠোর অবস্থানে নেমেছে শারজাহ পুলিশ। গালফ নিউজের এক প্রতিবেদনে জানানো হয়েছে, রমজান ও ঈদুল ফিতরের ছুটিতে একশ্রেণির মানুষের অবৈধভাবে অর্থ সংগ্রহের প্রবণতা রুখতে এই বিশেষ নজরদারি চালানো হচ্ছে।
শারজাহ পুলিশের নিরাপত্তা গণমাধ্যম বিভাগ ও ভিক্ষাবৃত্তি দমন কমিটির যৌথ উদ্যোগে আবাসিক ও বাণিজ্যিক এলাকাগুলোতে নজরদারি জোরদার করা হয়েছে। মূলত মানুষের আবেগ ও সহানুভূতি পুঁজি করে যারা অর্থ আদায় করে, তাদের নিয়ন্ত্রণ করাই এই অভিযানের মূল লক্ষ্য।
পুলিশের পক্ষ থেকে নাগরিকদের সতর্ক করে বলা হয়েছে, তারা যেন ব্যক্তিগতভাবে কাউকে অর্থ না দিয়ে সরকার অনুমোদিত বৈধ দাতব্য সংস্থার মাধ্যমে দান করেন। ঈদের ছুটি শেষ হওয়া পর্যন্ত এই কড়া নিরাপত্তা ব্যবস্থা বলবৎ থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
Copyright © 2026 All rights reserved.