প্রকাশের তারিখঃ Feb 21, 2026 ইং
সরাইলে শহীদ মিনারে রুমিন ফারহানাকে বাধা, পুষ্পস্তবক ছিন্নভিন্ন
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে গিয়ে বাধার মুখে পড়েছেন সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। নিজ দলেরই একাংশের কর্মীদের হট্টগোলে তিনি পুষ্পস্তবক অর্পণ করতে পারেননি এবং তাঁর আনা ফুলের তোড়া ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে। এই ঘটনার প্রতিবাদে তাঁর সমর্থকরা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রাক্কালে সরাইল কেন্দ্রীয় শহীদ মিনারে উত্তেজনা ও বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে। শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা শ্রদ্ধা জানাতে গেলে স্থানীয় বিএনপির একটি পক্ষ 'ভুয়া ভুয়া' স্লোগান দিয়ে বাধা প্রদান করে। প্রত্যক্ষদর্শীদের মতে, উত্তেজনাকর পরিস্থিতিতে এমপির আনা পুষ্পস্তবকটি ছিঁড়ে ফেলা হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ হস্তক্ষেপ করলে রুমিন ফারহানা ফুল না দিয়েই এলাকা ত্যাগ করতে বাধ্য হন। এরপরই তাঁর ক্ষুব্ধ সমর্থকরা ঢাকা-সিলেট মহাসড়কের শাহবাজপুর এলাকায় টায়ারে আগুন জ্বালিয়ে প্রায় এক ঘণ্টা অবরোধ সৃষ্টি করেন, ফলে যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।
ঘটনার বিষয়ে রুমিন ফারহানা বলেন, "নিয়ম মেনেই আমি শ্রদ্ধা জানাতে গিয়েছিলাম, কিন্তু পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে।" তিনি এই বিশৃঙ্খলার জন্য দায়ীদের বিরুদ্ধে দলীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার শাহ মোহাম্মদ আব্দুর রউফ জানান, ভিডিও ফুটেজ দেখে ঘটনাটি তদন্ত করা হচ্ছে এবং দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Copyright © 2026 All rights reserved.