প্রকাশের তারিখঃ Feb 21, 2026 ইং
মার্চের শেষে বেইজিং সফরে যাচ্ছেন ট্রাম্প
দীর্ঘ বিরতির পর আগামী ৩১ মার্চ তিন দিনের সরকারি সফরে চীন যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ২০১৭ সালের পর এটিই কোনো মার্কিন প্রেসিডেন্টের প্রথম বেইজিং সফর হতে যাচ্ছে। হোয়াইট হাউস এই সফরের বিষয়টি নিশ্চিত করেছে, যাকে ট্রাম্প নিজেই একটি 'গুরুত্বপূর্ণ সফর' হিসেবে অভিহিত করেছেন।
বিশ্ব রাজনীতির দুই পরাশক্তি যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে সম্পর্ক উন্নয়নে নতুন মোড় নিতে যাচ্ছে। আগামী ৩১ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত বেইজিং সফর করবেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়, শি জিনপিংয়ের সঙ্গে ট্রাম্পের সাম্প্রতিক সুসম্পর্কের ধারাবাহিকতায় এই সফরের সূচি চূড়ান্ত করা হয়েছে।
এই সফরে আলোচনার মূল কেন্দ্রবিন্দুতে থাকবে দুই দেশের মধ্যকার বাণিজ্য নীতি ও শুল্ক সংক্রান্ত জটিলতা। বিশেষ করে মার্কিন সুপ্রিম কোর্ট সম্প্রতি ট্রাম্পের আরোপিত বৈশ্বিক শুল্ক বাতিল করায় এই আলোচনার গুরুত্ব আরও বেড়েছে। বেইজিং সম্ভবত সয়াবিন আমদানিসহ বিভিন্ন বাণিজ্যিক বিষয়ে যুক্তরাষ্ট্রের ওপর চাপ সৃষ্টির চেষ্টা করবে।
উল্লেখ্য, কোভিড-১৯ মহামারীর পর এটিই ট্রাম্পের প্রথম চীন সফর। সাম্প্রতিক মাসগুলোতে পশ্চিমা দেশগুলোর সাথে চীনের যোগাযোগ বৃদ্ধির প্রচেষ্টার অংশ হিসেবে এই সফরকে দেখা হচ্ছে। এর আগে কানাডার প্রধানমন্ত্রীসহ বেশ কয়েকজন বিশ্বনেতা বেইজিং সফর করেছেন। এই উচ্চপর্যায়ের বৈঠকের মাধ্যমে দুই দেশের দীর্ঘদিনের শীতল সম্পর্ক কতটা উষ্ণ হয়, এখন সেটিই দেখার বিষয়।
Copyright © 2026 All rights reserved.