প্রকাশের তারিখঃ Feb 21, 2026 ইং
স্মৃতিচিহ্নহীন ভাষা শহীদ জব্বার জাদুঘর: অবহেলায় ১৮ বছর
ময়মনসিংহের গফরগাঁওয়ে প্রতিষ্ঠিত ভাষা শহীদ আব্দুল জব্বার স্মৃতি জাদুঘরটি দেড় যুগ ধরে অপূর্ণ অবস্থায় পড়ে আছে। নামেই জাদুঘর হলেও এখানে শহীদের ব্যবহৃত কোনো স্মৃতিচিহ্ন বা ঐতিহাসিক স্মারক নেই। মূলত ফেব্রুয়ারি মাস এলেই এটি পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়, তবে সারা বছর পাঠক ও দর্শনার্থীদের আনাগোনা নেই বললেই চলে।
১৯৫২ সালের ভাষা আন্দোলনে প্রাণ বিসর্জন দেওয়া বীর সন্তান আব্দুল জব্বারের স্মৃতি রক্ষার্থে তাঁর নিজ গ্রাম পাঁচুয়ায় (বর্তমানে জব্বার নগর) ২০০৮ সালে নির্মাণ করা হয় ‘ভাষা শহীদ আব্দুল জব্বার গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর’। কিন্তু দীর্ঘ ১৮ বছরেও এখানে শহীদের কোনো ব্যবহার্য জিনিসপত্র সংগ্রহ করা সম্ভব হয়নি। ১ হাজার ৪৬০ বর্গফুটের এই প্রতিষ্ঠানে ৪ হাজারের বেশি বই থাকলেও যাতায়াত ব্যবস্থা ও প্রয়োজনীয় প্রচারণার অভাবে পাঠকের খরা দেখা দিয়েছে।
স্থানীয়দের অভিযোগ, জাদুঘরটি কেবল দিবস কেন্দ্রিক হয়ে পড়েছে। ভেতরে ১১টি আলমারিতে সমৃদ্ধ বইয়ের সংগ্রহ থাকলেও জাদুঘর অংশে আব্দুল জব্বারের একটি ছবি ও শ্বেতপাথরে লেখা সংক্ষিপ্ত ইতিহাস ছাড়া দর্শনার্থীদের দেখার মতো কিছুই নেই। গ্রন্থাগারিক মো. কায়সারুজ্জামান জানান, দর্শনার্থীরা এসে যখন শহীদের স্মৃতিচিহ্ন দেখতে চান, তখন তাদের কাছে কোনো উত্তর থাকে না। জয়নাল সরকার নামে এক স্বজন ক্ষোভ প্রকাশ করে বলেন, এখানে একটি কলেজ করার কথা থাকলেও তা বাস্তবায়িত হয়নি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এন. এম. আবদুল্লাহ-আল-মামুন জানান, এলাকাটি প্রত্যন্ত অঞ্চলে হওয়ায় এবং লোকবল সংকটে এর কার্যক্রম গতিশীল হচ্ছে না। তবে শহীদ মিনার পুনর্নির্মাণ, স্থায়ী মঞ্চ স্থাপন এবং একে একটি শিক্ষামূলক বিনোদন কেন্দ্রে রূপান্তরের পরিকল্পনা প্রশাসনের রয়েছে। ১৯১৯ সালে জন্ম নেওয়া এই বীর সন্তানকে কি কেবল একটি ভবন দিয়েই স্মরণ করা হবে, নাকি তাঁর যোগ্য সম্মান ফিরিয়ে দেওয়া হবে—এ প্রশ্নই এখন স্থানীয়দের মনে।
Copyright © 2026 All rights reserved.