প্রকাশের তারিখঃ Feb 21, 2026 ইং
একুশের চেতনায় ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান আবদুস সালামের
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম বলেছেন, ৫২, ৭১, ৯০ এবং ২৪-এর শহীদদের চেতনাকে ধারণ করেই আগামীর বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলা হবে।
শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি দেশের সব রাজনৈতিক দল ও মতের মানুষকে জাতীয় ঐক্যের ডাক দেন।
১৭ বছরের দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের পর বাংলাদেশ আজ স্বৈরাচার মুক্ত বলে মন্তব্য করেছেন বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম। তিনি বলেন, ভাষা আন্দোলন থেকে শুরু করে চব্বিশের গণঅভ্যুত্থান পর্যন্ত প্রতিটি আত্মত্যাগ আমাদের আগামীর পথপ্রদর্শক। জনগণের ম্যান্ডেট নিয়ে গঠিত বর্তমান সরকার মানুষের স্বপ্ন পূরণে বদ্ধপরিকর।
আবদুস সালাম উল্লেখ করেন, জাতীয় ঐক্য ছাড়া দেশের প্রকৃত উন্নয়ন সম্ভব নয়। তিনি বিএনপির ঘোষিত ৩১ দফার আলোকে একটি মানবিক ও গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠার অঙ্গীকার ব্যক্ত করেন। শহীদদের স্বপ্ন বাস্তবায়নে দেশের প্রতিটি নাগরিককে স্থিতিশীলতা রক্ষা এবং গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠায় সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার নির্দেশনা দিয়ে তিনি আশ্বস্ত করেন যে, শহীদদের রক্ত বৃথা যেতে দেওয়া হবে না। সাম্য ও ন্যায়ের ভিত্তিতে একটি সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলাই হবে মহান একুশের শ্রেষ্ঠ অর্জন।
Copyright © 2026 All rights reserved.