প্রকাশের তারিখঃ Feb 21, 2026 ইং
৯ম পে-স্কেল বাস্তবায়নে আল্টিমেটাম: আন্দোলনে কর্মচারীরা
অবিলম্বে ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে সরকারকে আল্টিমেটাম দিয়েছে ‘বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ’। আগামী ১৫ মার্চের মধ্যে দাবি পূরণে দৃশ্যমান কোনো উদ্যোগ না নেওয়া হলে ২৮ মার্চ বড় ধরনের কর্মসূচি ঘোষণার ঘোষণা দিয়েছে সংগঠনটি। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে ১১-২০ গ্রেডের কর্মচারীদের জীবনযাপন কষ্টসাধ্য হয়ে পড়ায় এই আল্টিমেটাম দেওয়া হয়েছে।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সংগঠনের সদস্য সচিব মাহমুদুল হাসান ও মূখ্য সমন্বয়ক ওয়ারেছ আলী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। দীর্ঘ ১১ বছর নতুন পে-স্কেল না হওয়া এবং দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির প্রতিবাদে নতুন কর্মসূচি ঘোষণা করেছে সরকারি কর্মচারীদের বৃহৎ এই ঐক্য পরিষদ।
কর্মসূচির মধ্যে রয়েছে—২২ ফেব্রুয়ারি থেকে ৫ মার্চের মধ্যে জেলা ও উপজেলা পর্যায়ে সংসদ সদস্য ও মন্ত্রীদের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান। এছাড়া পবিত্র রমজান মাস জুড়ে প্রতিটি বিভাগীয় শহরে প্রতিনিধি সমাবেশ ও সাংগঠনিক কার্যক্রম অব্যাহত থাকবে। কর্মচারীদের অভিযোগ, ২০২৫ সালে পে-কমিশনের রিপোর্ট জমা পড়লেও সরকার এখনো তা বাস্তবায়নে কোনো পদক্ষেপ নেয়নি।
ঐক্য পরিষদের নেতৃবৃন্দ বলেন, "দ্রব্যমূল্যের চাপে আমরা দিশেহারা। অবিলম্বে বৈষম্যহীন ৯ম পে-স্কেল বাস্তবায়ন ছাড়া আমাদের আর কোনো পথ খোলা নেই।" ১৫ মার্চের মধ্যে দাবি না মানলে ঈদুল ফিতর পরবর্তী সংবাদ সম্মেলনের মাধ্যমে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা।
Copyright © 2026 All rights reserved.