প্রকাশের তারিখঃ Feb 21, 2026 ইং
ট্রাম্পের শুল্কনীতি অবৈধ ঘোষণা করলেন মার্কিন সুপ্রিম কোর্ট
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত ‘পাল্টাপাল্টি শুল্ক’ নীতিকে অবৈধ ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট। সর্বোচ্চ আদালত এক ঐতিহাসিক রায়ে জানিয়েছেন, প্রেসিডেন্ট নিজের ইচ্ছামতো শুল্ক আরোপ করতে পারেন না, এই এক্তিয়ার মূলত কংগ্রেসের। এই রায়ে ক্ষুব্ধ ট্রাম্প একে ‘অপমানজনক’ বলে অভিহিত করেছেন।
বাণিজ্যিক লড়াইয়ে ডোনাল্ড ট্রাম্পের সবচেয়ে বড় অস্ত্র ‘রেসিপ্রোকাল ট্যারিফ’ বা পাল্টাপাল্টি শুল্ক ব্যবস্থার ওপর বড় আঘাত হেনেছে মার্কিন সুপ্রিম কোর্ট। শুক্রবার ৯ জন বিচারপতির বেঞ্চে ৬-৩ ভোটে এই রায় ঘোষণা করা হয়। আদালত স্পষ্ট করে দিয়েছে যে, ১৯৭৭ সালের ‘ইন্টারন্যাশনাল ইমারজেন্সি ইকোনমিক পাওয়ার অ্যাক্ট’ (আইইইপিএ) প্রেসিডেন্টকে ঢালাওভাবে শুল্ক আরোপের ক্ষমতা দেয় না।
২০২৫ সালে ক্ষমতা গ্রহণের পর থেকেই চীন, ভারত, কানাডা ও মেক্সিকোর মতো দেশগুলোর ওপর ১০ শতাংশ বেইসলাইন শুল্কসহ বিভিন্ন শাস্তিমূলক শুল্ক আরোপ করে আসছিলেন ট্রাম্প। তিনি এই পদক্ষেপকে যুক্তরাষ্ট্রের ‘অর্থনৈতিক স্বাধীনতা’ হিসেবে দাবি করলেও আইনি লড়াইয়ে তা ধোপে টেকেনি। এর আগে নিম্ন আদালতও এই শুল্কনীতিকে প্রেসিডেন্টের ক্ষমতার বিধিবহির্ভূত ব্যবহার হিসেবে চিহ্নিত করেছিল, সুপ্রিম কোর্ট আজ সেই রায়ই বহাল রাখল।
রায়ের সময় গভর্নরদের সঙ্গে বৈঠকে থাকা ট্রাম্প তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, "এই রায় অপমানজনক। জাতীয় স্বার্থ রক্ষায় প্রেসিডেন্টের যে অধিকার থাকা উচিত, এটি তার পরিপন্থী।" বিশ্লেষকদের মতে, এই রায়ের ফলে বিশ্ব বাণিজ্যে ট্রাম্পের খবরদারি যেমন কমবে, তেমনি মার্কিন কংগ্রেসের ক্ষমতা আরও সুসংহত হবে।
Copyright © 2026 All rights reserved.