প্রকাশের তারিখঃ Feb 21, 2026 ইং
গণভোট না মানলে জনরোষের মুখে পড়বে সরকার: জামায়াত
অতিদ্রুত আলোচনার মাধ্যমে গণভোটের রায় মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান।
শনিবার (২১ ফেব্রুয়ারি) এক আলোচনা সভায় তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, জনগণের আকাঙ্ক্ষা উপেক্ষা করলে দেশের মানুষ এই সরকারকে আর মেনে নেবে না।
শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াত আয়োজিত এক দোয়া মাহফিলে রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কড়া বক্তব্য দিয়েছেন সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান। তিনি বলেন, দীর্ঘদিন ধরে জাতিকে ভুল ইতিহাস দিয়ে বিভ্রান্ত করা হয়েছে, এখন সময় এসেছে জনকল্যাণমুখী সত্য ইতিহাস রচনার।
অধ্যাপক মুজিবুর রহমান গণভোটের প্রসঙ্গ টেনে বলেন, সরকার যদি জনগণের ম্যান্ডেট বা গণভোটের রায়কে দ্রুত আলোচনার ভিত্তিতে স্বীকৃতি না দেয়, তবে জনগণ বর্তমান সরকারকে প্রত্যাখ্যান করবে। এছাড়া তিনি দেশের সর্বস্তরে, বিশেষ করে উচ্চ আদালতে বাংলা ভাষা চালুর ওপর জোর দেন।
তিনি আরও উল্লেখ করেন, একুশের চেতনা কেবল ভাষার মধ্যে সীমাবদ্ধ নয়, এটি অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়ারও অনুপ্রেরণা। বর্তমান রাজনৈতিক বাস্তবতায় জাতীয় ঐক্য এবং জনগণের মতামতকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার দাবি জানান এই জামায়াত নেতা।
Copyright © 2026 All rights reserved.