প্রকাশের তারিখঃ Feb 21, 2026 ইং
সততার পাহারাদার হিসেবে দেশ গড়বেন তারেক রহমান: এ্যানি
প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের একজন অতন্দ্র পাহারাদার হিসেবে সততার সাথে রাষ্ট্র পরিচালনা করবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।
শনিবার (২১ ফেব্রুয়ারি) লক্ষ্মীপুর প্রেস ক্লাব আয়োজিত এক সুধী সমাবেশে তিনি বলেন, নতুন সরকার দুর্নীতিমুক্ত পরিবেশ নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ এবং এখানে কোনো রাজনৈতিক প্রভাব খাটিয়ে সাধারণ মানুষকে ক্ষতিগ্রস্ত করার সুযোগ নেই।
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন মন্ত্রিসভার কর্মতৎপরতা ও আগামীর লক্ষ্য নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শনিবার দুপুরে লক্ষ্মীপুর টাউন হল মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, প্রধানমন্ত্রী প্রথম দিন থেকেই প্রতিটি মন্ত্রণালয় ও দপ্তরের ব্যাপারে অত্যন্ত সক্রিয়। তিনি সততাকে সর্বোচ্চ মূল্যায়ন করছেন এবং দেশের স্বার্থ রক্ষায় বড় পাহারাদারের ভূমিকা পালন করবেন।
মন্ত্রী এ্যানি দেশে বিদ্যমান দুর্নীতি নির্মূল করাকে বর্তমান সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, সরকারি দায়িত্ব একটি পবিত্র আমানত এবং এটি পালনে তিনি নিজে সজাগ রয়েছেন। রাজনৈতিক বা দলীয় প্রভাবে কোনো সাধারণ ব্যবসায়ী বা নাগরিক যেন ক্ষতিগ্রস্ত না হয়, তা নিশ্চিত করা হবে।
বিরোধী দলের (জামায়াতে ইসলামী) ভূমিকা নিয়ে আক্ষেপ প্রকাশ করে মন্ত্রী বলেন, "আমরা আশা করেছিলাম শপথ গ্রহণের দিন থেকেই বিরোধী দল আমাদের সহযোগিতা করবে। কিন্তু ভোটের দিন থেকেই ‘ইঞ্জিনিয়ারিং’ বা ‘ম্যানেজ ইলেকশন’-এর মতো অভিযোগ আমাদের আহত করে।" তিনি দেশ গড়ার স্বার্থে মতপার্থক্য ভুলে জামায়াতসহ সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে লক্ষ্মীপুর-৪ আসনের সংসদ সদস্য এবিএম আশরাফ উদ্দিন নিজানসহ জেলা বিএনপি ও জামায়াতের শীর্ষ নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Copyright © 2026 All rights reserved.